ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ১০ দিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়িজ কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ধর্মঘটের ডাক দেওয়ায় এ বন্দর দিয়ে ১৯ জানুয়ারি থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।ভারতের বিদ্যাধারী সেতুর ওপর দিয়ে ১০ চাকার ট্রাক চলাচল করার বিষয়ে ভারতীয় প্রশাসনের অনুমতি পাওয়ার দাবিতে ১৭ জানুয়ারি ভোমরা সীমান্তের শূন্যরেখায় সংগঠন দুটি যৌথসভা করে। সভায় আমদানি-রপ্তানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে এ বন্দরে কর্মরত প্রায় চার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। পাশাপাশি সরকার ১০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে। ভোমরা বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেছারউদ্দিন জানান, পণ্য আমদানি-রপ্তানির সুবিধার জন্য ভারতের ঘোজাডাঙা বিদ্যাধারী সেতুর ওপর দিয়ে ১০ চাকার ট্রাক চলাচলের দাবি জানিয়ে ২ জানুয়ারি তাঁরা ঘোজাডাঙা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়িজ কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাছে চিঠি পাঠান।এ ব্যাপারে ঘোজাডাঙা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়িজ কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গোপাল সরকার জানান, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের চিঠি পেয়ে তাঁরা ১০ জানুয়ারি সেতু ব্যবহারের অনুমতি চেয়ে বারাসাত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জয় বনসাল ও বসিরহাটের এসডিপিও অভিজিৎ ব্যানার্জিসহ বিভিন্ন দপ্তরে চিঠি দেন। কিন্তু প্রশাসন ওই সেতুর ওপর দিয়ে ১০ চাকার ট্রাক চলাচলের অনুমতি না দেওয়ায় উভয় দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ১৭ জানুয়ারি ভোমরা সীমান্তের শূন্যরেখায় জরুরি সভা করে। সভায় ১৯ জানুয়ারি থেকে ভোমরা ও ঘোজাডাঙা বন্দর দিয়ে আমাদানি-রপ্তানির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।ভোমরা বন্দরের শ্রমিক আনছার আলী ও হিজবুল্লাহ গাজী জানান, ১৯ জানুয়ারি থেকে ভোমরা বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকায় তাঁরা বেকার হয়ে পড়েন। এখন পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তাঁরা।ভোমরা স্থলবন্দর কাস্টম বিভাগের সহকারী কমিশনার আল আমিন জানান, ১৯ জানুয়ারি থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বন্দর অচল হয়ে পড়েছে। এতে সরকার ১০ দিনে ১০ থেকে ১২ কোটি টাকার রাজস্ব হারিয়েছে।