ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আজ বুধবার সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে এক দিনে সরকার প্রায় ৫০ লাখ টাকার রাজস্ব হারাবে। স্থলবন্দর সিঅ্যান্ডএফ কর্মচারী অ্যাসোসিয়েশন সাধারণ সভা আহ্বান করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

বন্দর দিয়ে সকাল থেকে পণ্যবাহী কোনো ট্রাক যাওয়া-আসা না করায় ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, সাধারণ সভার কারণে শ্রমিকেরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা বিষয়টি অ্যাসোসিয়েশন ও বন্দর-সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন।

ভোমরা স্থলবন্দরের সহকারী কমিশনার উত্তম বিশ্বাস বলেন, সিঅ্যান্ডএফ কর্মচারী অ্যাসোসিয়েশন তাদের সাধারণ সভার জন্য কর্মবিরতি ঘোষণা করেছে। এক দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার কারণে সরকার প্রায় ৫০ লাখ টাকার রাজস্ব হারাবে।