ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
শ্রমিক কল্যাণ ফেডারেশনের নামে ভারত থেকে আমদানি করা পণ্যবাহী ট্রাক থেকে অতিরিক্তি টাকা আদায়ের প্রতিবাদে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গতকাল শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো আমদানি-রপ্তানি হয়নি।এদিকে ভোমরা বন্দরে ঢোকার অপেক্ষায় ভারতের ঘোজাডাঙায় দেড় শতাধিক ট্রাক দাঁড়িয়ে রয়েছে।ভারতের ঘোজাডাঙা সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট কার্গো অ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক পরিমল কুমার রায় বলেন, ‘২৫ ফেব্রুয়ারি ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশন আমাদের চিঠি দিয়ে জানিয়েছে যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্য ভারতীয় পণ্যবাহী প্রতিটি ট্রাককে ৫০ টাকা করে চাঁদা দিতে হবে। এ চিঠির পর ঘোজাডাঙা সিঅ্যান্ডএফ কর্তৃপক্ষ ২৮ ফেব্রুয়ারি জরুরি সভায় চাঁদা আদায়ের প্রতিবাদ করা হয়। পাশাপাশি চাঁদা আদায় অব্যাহত থাকলে গতকাল শনিবার থেকে গোজাডাঙা বন্দর দিয়ে বাংলাদেশে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।’ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী নওশাদ দেলোয়ার বলেন, ‘গতকাল চাঁদার দাবি প্রত্যাহার করে ঘোজাডাঙা সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।’