ন্যায্য মজুরির দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের চারটি শ্রমিক ইউনিয়ন একযোগে গতকাল শনিবার সকাল থেকে কর্মবিরতি পালন শুরু করেছে।
এ অবস্থায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন বলেন, এক ট্রাকে পণ্যবোঝাই ও খালাসে শ্রমিকদের ৫০০ টাকা করে দেওয়ার নির্দেশনা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এস আই এস লজিস্টিক্যাল সিস্টেমের (জেভি) স্বত্বাধিকারী মনিরুজ্জামান শাহীন তা বাস্তবায়ন না করে শ্রমিকদের মাত্র ১৪০ টাকা হারে প্রদান করেন।
এ ব্যাপারে চলতি বছরের প্রথম দিকে তিনি বাদী হয়ে উচ্চ আদালতে একটি মামলা করেন।
আদালত চলতি মাসের ৬ অক্টোবর তাঁদের পক্ষে রায়ও দিয়েছেন। এরপরও ঠিকাদারি প্রতিষ্ঠান আদালতের নির্দেশ অমান্য করে আগের ১৪০ টাকা হারে শ্রমিকদের প্রদান করছেন।
এ ছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান তাঁদের পাওনা টাকা পরিশোধ না করেও পরিশোধ করা হয়েছে, এই মর্মে শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই জাল করে বন্দর চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠায়।
বিষয়টি জানাজানির একপর্যায়ে শ্রমিকেরা ৬ অক্টোবর বন্দর-সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি দিয়ে ১৫ অক্টোবরের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার শর্ত দেন।
কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় বন্দরের চারটি শ্রমিক ইউনিয়ন একযোগে শনিবার সকাল থেকে কর্মবিরতি পালন শুরু করেছে। ফলে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক বন্দরে আটকা পড়েছে।
ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক পার্থ ঘোষ বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। আশা করা হচ্ছে মীমাংসা হয়ে যাবে। তবে ঠিকাদার মনিরুজ্জামান ওরফে শাহিনকে পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান এস আই এস লজিস্টিক্যাল সিস্টেমের স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।