হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় আজ শুক্রবার ভোররাত থেকে সকাল নয়টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। থেমে থেমে চলা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন ঘর থেকে বের হওয়া মানুষ। সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

কয়েক দিনের টানা বৃষ্টির পর গতকাল বৃহস্পতিবার আকাশ ছিল অনেকটাই পরিষ্কার। সারা দিনে রোদের দেখাও মিলেছে। আজ সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়। ছুটির দিন হওয়ায় অনেকে অবশ্য আজ ঘরে বসে বৃষ্টি উপভোগ করছেন।

আবহাওয়া অধিদপ্তরের ডিউটি অ্যাসিস্ট্যান্ট মো. গিয়াসউদ্দিনের ভাষ্য, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, খুলনা, রংপুর, রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে বলে তিনি জানান।