ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে গতকাল শুক্রবার সকাল থেকেই চট্টগ্রাম রেলস্টেশনজুড়ে ছিল টিকিটপ্রত্যাশীদের ভিড়। অনেকেই ভোররাত থেকে অপেক্ষায় ছিলেন টিকিটের জন্য। অবশ্য দুপুরের পর থেকে ভিড় কমে আসতে শুরু করে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল বিক্রি হয়েছে ৪ আগস্টের টিকিট। ৩০ জুলাই পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করা হবে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক এ এ শামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিদিন চার হাজার অগ্রিম টিকিট বিক্রি করব।’
গতকাল সকালে রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনের সব কটি টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন। একেকটি লাইনে ১৫০ থেকে ২০০ জন টিকিটপ্রত্যাশী অপেক্ষা করছেন।
মাহিন ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ‘ভোররাত থেকে স্টেশনে অপেক্ষা করছি। কিন্তু সকাল ১০টায়ও কাঙ্ক্ষিত টিকিট মেলেনি। লাইনে দাঁড়িয়ে আছি।’
আগ্রাবাদ থেকে আসা টিকিটপ্রত্যাশী ফাহিম হোসেন বলেন, যাত্রীদের ভোগান্তির কথা ভেবে এ সময়ে কাউন্টারের সংখ্যা বাড়ানো উচিত ছিল।
জানা গেছে, ঈদ উপলক্ষে রেলওয়ে কর্তৃপক্ষ প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করবে। এ ছাড়া ঈদের তিন দিন আগে এবং ঈদের পর এক সপ্তাহ চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুই জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।