ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের মাইক কেড়ে নিয়েছে পুলিশ। গতকাল রোববার ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে। সেখানে ব্যবহৃত বিদ্যুতের সংযোগও বন্ধ করে দেওয়া হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে গত বুধবার থেকে শিক্ষার্থীরা অনশন করছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের পাঁচ সদস্যবিশিষ্ট চিকিৎসক দলের তথ্য অনুযায়ী, অনশনের পঞ্চম দিনে গতকাল নতুন করে আরও ছয় শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শত ঘণ্টার বেশি অনশনরত শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ৩৪-এ।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সারা দিন তাঁদের বিভিন্ন কর্মসূচি শেষে ক্লান্ত হয়ে পড়া শিক্ষার্থীরা যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হঠাৎ ভোররাত চারটার দিকে পুলিশের কয়েকজন সদস্য সেখানে আসেন। এ সময় শহীদ মিনারের বিভিন্ন প্রান্তে জ্বলতে থাকা বাতিগুলোসহ তাঁদের ব্যবহৃত বাতিগুলোও বন্ধ করে দেওয়া হয়।
ভোররাতে পুলিশের উপস্থিতি দেখে হকচকিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা পুলিশের কাছে অনশনস্থলে আসার কারণ জানতে চাইলে তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্দেশে তাঁরা মাইক ব্যবহার বন্ধ করতে এখানে এসেছেন। একপর্যায়ে তাঁরা মাইক নিয়ে চলে যান।
এ সম্পর্কে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত দ্বিতীয় দফা ভর্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। শনিবার রাতেও দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলনরত শিক্ষার্থীদের শহীদ মিনার এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অননুমোদিতভাবে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক অকৃতকার্য কিছু তরুণ কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে অবস্থান করছে। এতে সেখানে প্রতিদিনের বরাদ্দকৃত বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের কর্মসূচি পালনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং স্থিতিশীল পরিবেশ বিনষ্ট হচ্ছে।
গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক-বুদ্ধিজীবী-শিক্ষার্থী সংহতি সমাবেশের আয়োজন করে প্রগতিশীল ছাত্রজোট। ‘হ্যান্ড মাইক’ দিয়ে সমাবেশ পরিচালনা করা হয়।
সমাবেশে সংহতি জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘যৌক্তিক আন্দোলনের বিষয়টি বিবেচনা করে আজ (গতকাল) রাতের মধ্যে এই সিদ্ধান্ত পরিবর্তন করুন।’ তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্বিকার না থেকে আন্দোলনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, ‘অনশনের পাঁচ দিন পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের টনক নড়েনি। এটা দুঃখজনক। যাঁরা এখানে এসেছেন, তাঁরা লেখাপড়া করতে চান। এটা তাঁদের সুযোগ নয়, অধিকার। আপনারা তাঁদের এই অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না।’ তিনি বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে একনায়কসুলভ আচরণ উল্লেখ করে বলেন, গোঁয়ার্তুমি না করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, দিনের পর দিন শহীদ মিনারে না খেয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এটা কষ্টকর। সমবেদনার সঙ্গে তাঁদের দাবি বিবেচনা করুন। হুট করে আইন পরিবর্তন করা যায় না। আইন পরিবর্তন করতে হলে যারা এর সুফল ও কুফল ভোগ করবে, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত ভুল নয়। তবে সময় নিয়ে ঘোষণা দেওয়ার প্রয়োজন ছিল।
সমাবেশে ঘোষণা করা হয়, বিশিষ্ট কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন, সামিনা লুৎফা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাসিমা আক্তার প্রমুখ বার্তা পাঠিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।