ভোরে মক্তব, সকালে বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়া ও টিনের চালার ঘরটিতে গ্রামের শিশুরা মক্তবের পড়া পড়ে। ভোর থেকে শুরু হওয়া মক্তব সকাল সাড়ে আটটায় শেষ হয়। নয়টা থেকে একই ঘরে শুরু হয় প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। এভাবে পালা করে চলছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় ইউনিয়ন রায়পুরের দক্ষিণ সরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।বিদ্যালয়টির পাকা ভবন শঙ্খ নদের গর্ভে চলে যাওয়ায় নয় বছর ধরে এভাবেই মক্তবের ঘরে চলছে পাঠদান।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১৫ সেপ্টেম্বর শঙ্খ নদের ভাঙনে হারিয়ে যায় দক্ষিণ সরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহূত হতো। নদে বিলীন হওয়ার পর বিদ্যালয়ের কার্যক্রম মক্তবে শুরু হয়। বৃষ্টি শুরু হলে ঝাপ্টা ভেতরে এসে ঢোকে। এতে পাঠদান ব্যাহত হয়। পূর্ণিমার জোয়ারে পানি এসে মক্তবের দোরগোড়ায় ঠেকে।সরেজমিনে দেখা গেছে, মক্তবঘরটি দৈর্ঘ্যে ৩০ ফুট। ঘরের ভেতরে কোনো দেয়াল বা বিভাজন নেই। সব শ্রেণীর পাঠদান এক ঘরেই চলে। মক্তবঘরের কয়েক ফুট পশ্চিমে মসজিদ। মুসল্লিদের ব্যবহারের জন্য একটি শৌচাগার রয়েছে মক্তবঘরের লাগোয়া। সেটি বিদ্যালয়ের শিশুরা ব্যবহার করতে পারে না। শিশুদের জন্য খেলার মাঠ নেই, নেই নলকূপ।বিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, ২১৩ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন তিনজন। গত দুই বছরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাসের কৃতিত্ব দেখিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২০১০ ও ২০১১ সালে যথাক্রমে ১৪ ও ১২ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করে।পঞ্চম শ্রেণীর বিলকিছ আক্তার, নাজমিন আক্তার ও জাহেদুল ইসলাম জানায়, তাদের একটি খেলার মাঠ নেই। ভালো একটি পড়ার কক্ষ নেই। খুব কষ্টে পড়াশোনা করতে হয়।বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশিদ জানান, ছোট্ট একটি বেড়ার ঘরে চলছে বিদ্যালয়ের পুরো কার্যক্রম। সকালে মক্তবের পড়া শেষ হলে তাঁরা বিদ্যালয়ের কার্যক্রম শুরু করেন। পৃথক কক্ষ না থাকায় শিশুদের পড়াশোনায় সমস্যা হচ্ছে।প্রধান শিক্ষক আবদুর রশিদ বলেন, উপকূলীয় এলাকা হওয়ায় বিদ্যালয়ের চারদিকে যাতায়াতের সমস্যা। তার ওপর সামান্য বৃষ্টি হলেই শিক্ষার্থীদের বই-খাতা ভিজে যাওয়ার দশা হয়। এভাবে কষ্টেসৃষ্টে চলছে শিক্ষা কার্যক্রম।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহাম্মদ বলেন, ‘দক্ষিণ সরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা সত্যিকারার্থে শোচনীয়। আমরা আশা করছি, শিগগির এ বিদ্যালয়ে একটি পাকা ভবন হবে।’