ভোরের আলোয় তরমুজ খিরার বিকিকিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারার তৈলারদ্বীপ সেতুর পূর্ব পাশে সড়কের ওপর বাঙ্গি নিয়ে বিক্রি​র জন্য বসেছেন বিক্রেতারা l প্রথম আলো
আনোয়ারার তৈলারদ্বীপ সেতুর পূর্ব পাশে সড়কের ওপর বাঙ্গি নিয়ে বিক্রি​র জন্য বসেছেন বিক্রেতারা l প্রথম আলো

সবে মাত্র ফুটে উঠেছে ভোরের আলো। ভোরের নীরবতা কাটিয়ে কোলাহলমুক্ত সড়কে চলছে বিভিন্ন যানবাহন। এরই মধ্যে কয়েকজন চাষি নিজেদের খেত থেকে বাঙ্গি, তরমুজ ও খিরা তুলে এনে বিক্রির জন্য বসেছেন সড়কের দুপাশে। বেলা গড়াতেই পাল্টে যায় দৃশ্যপট। আনাগোনা বাড়তে থাকে ক্রেতা ও বিক্রেতাদের। সকাল আটটা ও নয়টার সময় পুরোপুরি জমে ওঠে ফলের বাজার। আনোয়ারা ও বাঁশখালী উপজেলার মধ্যবর্তী শঙ্খ নদের তৈলারদ্বীপ সেতুর পূর্ব পাড়ে প্রতিদিন ভোরে এমন ফলের বাজার বসে।
৯ ফেব্রুয়ারি সকাল আটটায় তৈলারদ্বীপ সেতুর পূর্ব পাড়ে গিয়ে দেখা যায়, বাঙ্গি, তরমুজ ও খিরা নিয়ে সড়কের দুপাশে বসেছেন বিক্রেতারা। প্রায় আধা কিলোমিটারজুড়ে খিরা, বাঙ্গি ও তরমুজের রাজত্ব। তবে এসবের মধ্যে বাঙ্গির সংখ্যাই বেশি। বাজারে দরদাম করে ফল কিনছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। সড়কের এক পাশে শহরে সরবরাহ করার জন্য মিনি ট্রাক ও ভ্যানগাড়িতে তোলা হচ্ছে। প্রতিটি বাঙ্গি ৪০ থেকে ২৫০ টাকা, তরমুজ ৫০ থেকে ৫০০ টাকা এবং খিরা প্রতি কেজি ৩০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১১-১২ সাল থেকে তৈলারদ্বীপ সেতুর পূর্ব প্রান্তে এমন ফলের বাজার বসছে। এই বাজারে পুকুরিয়া এলাকার দুই শতাধিক কৃষক তাঁদের খেতে ফলানো বাঙ্গি, তরমুজ ও খিরা বিক্রি করেন। অনেক ফল ব্যবসায়ী সস্তায় তাজা ফল কিনতে আসেন এখানে। এর বাইরে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়ক (পিএবি) দিয়ে চলাচল করা যাত্রীরাও গাড়ি থামিয়ে পছন্দসই ফল কিনে নেন।
কয়েকজন কৃষক জানালেন, খেত থেকে ফল তুলে এই বাজারে সরাসরি বিক্রি করেন বলে তাঁদের ভালো লাভ থাকে। এই বাজারে মধ্যস্বত্বভোগী নেই। তাঁরাই এখানে বিক্রেতা।
পুকুরিয়া এলাকার কৃষক জমির উদ্দিন (১৯) প্রথম আলোকে বলেন, ‘১২০ শতক জমিতে বাঙ্গির চাষ করেছি। ফলন ভালোই হয়েছে। নিজে বাজারে এনে বিক্রি করছি বলে ভালো লাভও পাচ্ছি।’
তরমুজচাষি মোহাম্মদ ইউনুছ (৫৩) নিজের খেতের তরমুজ নিয়ে বসেছিলেন সড়কের এক প্রান্তে। তিনি বলেন, ‘এ বাজারে ক্রেতা-বিক্রেতা দিন দিন বাড়ছে। দক্ষিণ চট্টগ্রামে ফলের এত বড় বাজার আর নেই।’
বাজারে ফল কিনতে আসা আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের বাসিন্দা সোহরাবুল আলম (২৮) বলেন, ‘এখানে উৎপাদিত বিভিন্ন ফল টাটকা ও সুম্বাদু। তাই কয়েক দিন পরপরই এখান থেকে ফল কিনে নিয়ে যাই।’