ভোলা ও পটুয়াখালীতে ত্রাণ বিতরণ
ভোলা সদর উপজেলার ভবানীপুর, শাহমাদার ও কাঠির মাথা গ্রামের পানিবন্দী ৯৮০ জনকে গতকাল রোববার দুপুরে শুকনা খাবার দেওয়া হয়। ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে উপজেলার কাচিয়া ইউনিয়নের ওই এলাকায় জোয়ারের পানি ঢুকে পড়ে। গতকাল প্রথম আলো ট্রাস্টের সহায়তায় ভোলা বন্ধুসভার সদস্যরা প্রত্যেকের হাতে এক কেজি করে চিড়া ও ২৫০ গ্রাম তালের গুড় তুলে দেন। এ সময় স্থানীয় সমাজসেবক আবদুল মালেক, কাচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশিকুর রহমান, বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. হেমায়েত উদ্দিন, যুগ্ম সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। শুকনা খাবার হাতে পেয়ে আবদুস সামাদ (৬৭) নামের একজন বলেন, ‘পানি ঘরের মাইদ্যে ডুইক্যা থাওনে রাইনতাম পারি না। ছয় দিন ধইর্যা পানিত ডুইব্যা রইছি, কেউ এক মুট খাওন দেয়নো। চিড়া-গুড় পাওনে প্যাডে দুগা খাওন জুটবো। আল্লাহ আমনেগোরে বাঁচাই রাহুক।’ এদিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের চৈয়াপাড়া, উত্তর নাচনাপাড়া এবং চৌরাস্তা এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ১৫০ জনের মধ্যে গতকাল রোববার বিকেলে ইউনিয়নের বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। তাদের প্রত্যেককে তিন কেজি চাল, এক কেজি ডাল ও দুই কেজি আলু দেওয়া হয়েছে। প্রথম আলো ট্রাস্টের সহায়তায় বন্ধুসভার সদস্যরা ত্রাণসামগ্রী বিতরণ করেন।