ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ও লালমোহনের চরভূতা ইউনিয়ন এবং পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ও কেশবপুর ইউনিয়নে গত দুই দিনে নির্বাচনী সহিংসতায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে ভেলুমিয়ার চেয়ারম্যান পদপ্রার্থী শাজাহান বাদশা ও আবদুস সালাম মালের সমর্থকদের মধ্যে ইউনিয়নের টুমচরে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে শাজাহান বাদশাসহ তাঁর পক্ষের ১৮ জন এবং সালাম মালের পক্ষের ৭ জন আহত হয়। এ ঘটনার পর শাজাহান বাদশা আহতদেরসহ শতাধিক কর্মী নিয়ে দুপুরে কবি মোজাম্মেল হক টাউন হলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ঘটনার বিচার ও নির্বাচন স্থগিত করার দাবি করেন।এ ব্যাপারে শাজাহান বাদশা বলেন, ‘আমরা টুমচরে গণসংযোগ করতে গেলে আবদুস সালাম মাল পুলিশের সহযোগিতায় সশস্ত্র হামলা চালান। এ ঘটনার সুষ্ঠু বিচার না করা হলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব।’চেয়ারম্যান পদপ্রার্থী আবদুস সালাম মাল বলেন, ‘আমি গণসংযোগ চালাতে গেলে শাজাহান বাদশার লোকজন আমাদের ওপর হামলা করে।’এদিকে লালমোহনের চরভূতা ইউনিয়নের রহিমপুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের সমর্থক মো. হোসেনের কর্মীরা গত শুক্রবার রাতে গণসংযোগ করতে গেলে বিএনপির সমর্থক আক্তারুজ্জামান টিটবের কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার প্রায় দুই ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে আবার আওয়ামী লীগসমর্থিত দুই চেয়ারম্যান পদপ্রার্থী মো. হোসেন ও মো. ফিরোজের সমর্থকেরা একসঙ্গে মিলে বিএনপির সমর্থকদের ওপর হামলা চালালে দ্বিতীয় দফা সংঘর্ষ বাধে। এ সময় দুটি মুদি দোকান ও একটি চায়ের দোকান লুটপাট ও ভাঙচুর হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। এ ব্যাপারে আক্তারুজ্জামান টিটব বলেন, ‘মো. হোসেনের কর্মীরা মিছিল নিয়ে এসে আমার কর্মী ও চাচাতো ভাইয়ের দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে।’অপরদিকে মো. হোসেন বলেন, ‘টিটবের সমর্থকেরাই নুরুল আমিনের দোকানে হামলা ও ভাঙচুর করেছে। এ ঘটনায় নুরুল আমিন বাদী হয়ে ২৯ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।’লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন খান বলেন, ‘ওই মামলার আসামি ও চেয়ারম্যান পদপ্রার্থী আক্তারুজ্জামানের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’বাউফল উপজেলার কালিশুরি ইউপির হিজবুল্লাহ বাজারে গণসংযোগ করার সময় প্রতিদ্বন্দ্বী দুই সদস্য পদপ্রার্থী আওয়ামী লীগদলীয় মঞ্জুরুল আলম হিরণ মৃধা ও গাজী শওকত আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গাজী শওকত আলমসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় শওকত আলমের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে মঞ্জুরুল আলম হিরণ মৃধাকে প্রধান আসামি করে একটি মামলা করেছেন।’এদিকে বাউফলের কেশবপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহিউদ্দিন লাবলু সমর্থকদের নিয়ে গতকাল সকালে উত্তর মমিনপুর বাজারে জনসংযোগ করছিলেন। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী তছলিম তালুকদার গণসংযোগ করতে সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। এই ঘটনার জন্য দুই প্রার্থী পরস্পরকে দোষারোপ করেন।