ভোলা ও লালমনিরহাটে সাংবাদিকদের ওপর হামলা, মারধর
ভোলার দৌলতখান উপজেলায় চার সাংবাদিককে মারধরের ঘটনায় গতকাল বৃহস্পতিবার সাংবাদিক, হকার্স ইউনিয়ন, পাঠক সংগঠন, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদ সভা, বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে। এদিকে লালমনিরহাটে গত বুধবার সাংবাদিক দম্পতির ওপর হামলা হয়েছে।ভোলার চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গতকাল বেলা ১১টায় জেলা প্রেসক্লাবে প্রতিবাদ সভা হয়েছে। সভায় সমকাল-এর জেলা প্রতিনিধি নাসির লিটন, দিগন্ত টিভির জেলা প্রতিনিধি ইউনুস শরীফ, দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমান এবং এনটিভির ক্যামেরাম্যান খোকন দেবনাথ জানান, বুধবার বিকেল পাঁচটার দিকে সরকারি পুকুরপাড় এলাকায় গিয়ে দেখা যায়, দৌলতখানের সৈয়দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুন্সি ওবায়দুল্যাহ রতন বন বিভাগের শত শত গাছ কেটে জমা করেছেন। কেউ কেউ ঠেলাগাড়ি করে গাছ নিয়ে যাচ্ছে। আবার কেউ নৌকায় ওঠাচ্ছে। এ সময় ছবি তুলতে গেলে ওবায়দুল্যাহ রতন ও তাঁর লোকজন তাঁদের ওপর হামলা চালান। নাসির লিটন মুঠোফোনে বিষয়টি পুলিশ ও অন্য সাংবাদিকদের জানাতে গেলে চেয়ারম্যান মুঠোফোনটি ভেঙে ফেলেন। একপর্যায়ে চেয়ারম্যান নিজে তাঁদের মারধর করেন ও তাঁদের ধরে নিয়ে পরিষদের কার্যালয়ে আটকে রাখেন। রাত আটটার দিকে তাঁদের পকেটে জোর করে ১০ হাজার টাকা ঢুকিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া এ ঘটনায় জেলার সব সাংস্কৃতিক সংগঠন, পাঠক সংগঠন, সাংবাদিক, পেশাজীবী সংগঠনসহ শত শত মানুষ দুপুর ১২টা পর্যন্ত সদর রোডে মানববন্ধন করেছে। এ সময় পত্রিকা হকার্স ইউনিয়ন সদর রোডের দুই পাশে পত্রিকা ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ ঘটনায় আজ শুক্রবার কলম বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান বলেন, গাছ কাটার খবর শুনে তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছেন। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। ইউপি চেয়ারম্যান ওবায়দুল্যাহ রতন বলেন, ‘সাংবাদিকেরা যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। আমার লোকজন গাছ কাটছিল না।’ দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী বলেন, সাংবাদিক নির্যাতন ও গাছ লুটের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বুধবার সন্ধ্যায় লালমনিরহাট সদরে চাঁদাবাজির সংবাদ প্রকাশের জের ধরে ইত্তেফাক ও বিটিভির জেলা প্রতিনিধি মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম এবং তাঁর স্ত্রী সাপ্তাহিক লালমনিরহাট বার্তা-এর ব্যবস্থাপনা সম্পাদক ছালেহা বেগমের ওপর ব্যবসায়ী আবদুল খালেক ও তাঁর লোকজন হামলা করেছেন।শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় তিনি বাদী হয়ে সদর থানায় আবদুল খালেকসহ ছয়জনের বিরুদ্ধে ওই দিন রাতেই মামলা করেছেন। তবে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে একই দিন তাঁকেসহ ১০ জনকে আসামি করে একটি মিথ্যা মামলা করা হয়েছে। এদিকে সাংবাদিক দম্পতির ওপর হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল জেলায় কর্মরত সংবাদকর্মীরা সাপ্তাহিক ‘লালমনিরহাট বার্তা’ অফিসের হলরুমে প্রতিবাদ সভা করেছেন। প্রতিবাদ সভায় তাঁরা এ হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। সেই সঙ্গে সাংবাদিকেরা তাঁদের নিরাপত্তার দাবি জানান। উল্লেখ্য, শফিকুল ইসলামের সম্পাদনায় ওই সাপ্তাহিক পত্রিকার গত ২৯ ফেব্রুয়ারি সংখ্যায় ‘জনৈক অ্যাডভোকেটের কাণ্ড, ব্যবসায়ী সমিতির চাঁদা না পেয়ে হামলা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সদর থানার ওসি জমির উদ্দিন বলেন, গত বুধবারের ঘটনায় দুই পক্ষই পৃথক মামলা করেছে। এর তদন্ত চলছে।