ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে বাস ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে গতকাল বুধবার বেলা দুইটা থেকে বাস ধর্মঘট শুরু হয়। লালমোহন উপজেলা শ্রমিক লীগের সভাপতি একজন বাসচালককে দুই দফায় পিটিয়ে জখম করে পুলিশে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাকা দিয়েছে।

গতকাল বিকেল চারটায় ভোলার বাসস্ট্যান্ডে দেখা গেছে, ভোলার সব পথের বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকেরা বিক্ষোভ করছেন।

জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খাজা মহিউদ্দিন বলেন, ‘ভোলার সব রুটের (পথ) বাস চলাচল বন্ধ করে দিয়েছি। বাসচালক মো. মামুনকে (৪৩) পিটিয়ে জখম করার ঘটনায় লালমোহন শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েতকে আটক করতে হবে। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।’ তিনি আরও বলেন, জাকির হোসেন পঞ্চায়েত ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাংসদের আত্মীয় পরিচয় দিয়ে নানা অনিয়ম করে আসছেন। তিনি এলাকায় সালিসের নামে ও অটোরিকশা, নছিমন, করিমনসহ অবৈধ যানবাহনের কাছে চাঁদা আদায় করছেন। গতকাল বেলা ১১টার দিকে তিনি চালক মামুনকে দুই দফা মারধর করেন।

লালমোহন থানার ওসি হুমায়ুন কবীর বলেন, শ্রমিক লীগের সভাপতির লোকজন যখন বাসচালককে পিটিয়ে জখম করছিলেন, তখন পুলিশ চালককে উদ্ধার করে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।