ভোলা-চরফ্যাশন পথে বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিবদমান দুটি পক্ষের তিনটি বাস ভাঙচুর করায় মালিক সমিতি দুপুর ১২টা থেকে বাস চলাচল বন্ধ করে দেয়। উভয় পক্ষের অভিযোগ, বাস ভাঙচুরের ঘটনায় ৩২ জন যাত্রী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অনেকে বলেন, সকালে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বাংলাবাজার এলাকার বনভোজনের একটি দল ভোলা-চট্টগ্রাম পথের মেঘনা পরিবহনের গাড়িতে কক্সবাজারে যাচ্ছিল। বাসটি ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মালিক সমিতির নেতাদের নেতৃত্বে শ্রমিকেরা এটিকে সড়ক থেকে স্ট্যান্ডের ভেতরে ঢোকান এবং বাসের দরজা বন্ধ করে যাত্রীদের ভেতরে রেখে বাসটি ভাঙচুর করেন। এ ঘটনার পরপরই বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাংলাবাজার এলাকায় জনতা বাস মালিক সমিতির রাদিম ও নাদিম নামের দুটি বাস ভাঙচুর করে। বাস দুটি চরফ্যাশন থেকে ভোলা আসছিল। এ সময় যাত্রীদের পথে নামিয়ে দেওয়া হয়। এরপর থেকে মালিক সমিতি ভোলা-চরফ্যাশন পথে বাস চলাচল বন্ধ করে দেয়। বনভোজন যাত্রাকারী সবুজ, সোহেল, শহিদসহ আরও কয়েকজন অভিযোগ করেন, মালিক সমিতির সন্ত্রাসী বাহিনী তাঁদের বাসের মধ্যে আটকে রেখে বাস ভাঙচুর করে। যাত্রীরা কোনোমতে দরজা ভেঙে পালিয়েছে। অনেকে জিনিসপত্র ফেলেই পালিয়েছে। এ সময় তাঁদের হারুন, কামাল, রিয়াজ, টুয়েলসহ ১২ জন আহত হয়েছেন। সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম সেলিম বলেন, দূরপাল্লার বাসগুলো বিআরটিএর নীতিমালা উপেক্ষা করে চট্টগ্রাম থেকে চরফ্যাশন পর্যন্ত বাস চালাচ্ছে। প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও তারা ওই নীতিমালা বাস্তবায়ন করছে না। এত কিছুর পরও তারা পিকনিকের ভাড়া ধরে কক্সবাজার যাচ্ছিল। তখন ভোলা বাসশ্রমিকেরা মেঘনা গাড়িটি আটকে ভাঙচুর করেছেন। এতে বাস মালিক সমিতির কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু দূরপাল্লার গাড়ি নিয়ন্ত্রণকারী আবু হাওলাদারের নির্দেশে সন্ত্রাসীরা বাংলাবাজারে দুটি বাস ভাঙচুর হয়েছে। এ সময় দুই বাসে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে। আবু হাওলাদার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বাস মালিক সমিতি মেঘনার গাড়ি ভাঙচুর করায় আমি পুলিশ সুপার অফিসে গেছি অভিযোগ জানাতে। বাংলাবাজারে বাস ভাঙচুর করেছে জনতা।’ ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাশ্বের আলী বলেন, বাস চলাচল শুরু করার জন্য দুই পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক ডাকা হয়েছে।