ভোলা জেলা ছাত্রদলের সম্মেলন আজ শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। বার বার তারিখ পরিবর্তনের পর সম্মেলনের এই তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে ঢাকায় সম্মেলন হওয়া নিয়ে ভোলায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।দীর্ঘদিন পরে ছাত্রদলের সম্মেলন ভোলায় না হয়ে ঢাকায় হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ভোলা পৌর ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমান বলেন, তাঁদের ইচ্ছা ছিল, তাঁদের ভোটে জেলা পর্যায়ের নেতা নির্বাচিত হবেন। তা না করে ঢাকায় নেতাদের মতো করে জেলা ছাত্রদলের কমিটি হচ্ছে। ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হায়দার আলী জানান, শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সম্মেলনে বিএনপির নেতা মোশারেফ হোসেন শাজাহান, হাফিজ উদ্দিন আহমেদ, হাফিজ ইব্রাহিম, নাজিমউদ্দিন আলম প্রমুখ উপস্থিত থাকবেন।জেলা ছাত্রদল সূত্র জানায়, ৮ আগস্ট কেন্দ্রীয় ছাত্রদলের আহ্বানে জেলা ছাত্রদলের সভাপতি আবদুল কাদেরের নেতৃত্বে ছাত্রদলের নীতিনির্ধারকেরা ঢাকায় যান। সেখানে বসেই সম্মেলনের এ তারিখ নির্ধারিত হয়। সর্বশেষ ২০০৩ সালের এপ্রিলে কেন্দ্রীয় ছাত্রদলের তত্কালীন সভাপতি সাহাবুদ্দিন লাল্টু আবদুল কাদেরকে সভাপতি ও জামিল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যের কমিটি গঠন করেন। এর পর থেকে ছাত্রদল দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এর একটি সভাপতি ও সম্পাদকের পক্ষ এবং অন্যটি মোশারেফ হোসেন শাজাহানের আশীর্বাদপুষ্ট পক্ষ। সে সময় দুই পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটে। সংশ্লিষ্ট ছাত্রনেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার সভাপতি পদ পেতে আগ্রহী জেলা ছাত্রদলের বর্তমান সম্পাদক জামিল হোসেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত ও দুই সন্তানের জনক জামিল লেখাপড়া ছেড়েছেন অনেক আগেই। তাঁর জোরালো প্রতিদ্বন্দ্বী খন্দকার আল-আমীন, মিজানুর রহমান ও মনির হোসেন। এঁদের মধ্যে আল-আমীন ও মনির বিবাহিত এবং একটি করে সন্তানের জনক। সাধারণ সম্পাদক পদ পেতে আগ্রহীদের মধ্যে আছেন নেজামুল আলম, মুনতাসির আলম রবিন চৌধুরী, জাকির হোসেন, জিয়াউর রহমান, আবদুল লতিফ, এইচ এম জাকির প্রমুখ।