ভোলা থিয়েটারের নাট্যোৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা থিয়েটারের নাট্যোৎসবের শেষ দিনে গতকাল তারিক আনাম খানের নির্দেশনায় দুই যে ছিলো এক চাকর মঞ্চস্থ করে নাট্যকেন্দ্র l ছবি: প্রথম আলো
ভোলা থিয়েটারের নাট্যোৎসবের শেষ দিনে গতকাল তারিক আনাম খানের নির্দেশনায় দুই যে ছিলো এক চাকর মঞ্চস্থ করে নাট্যকেন্দ্র l ছবি: প্রথম আলো

ঢাকা ও ভোলার নাট্যাঙ্গনের কর্মীদের হাস্যোজ্জ্বল ছবি তোলার মধ্য দিয়ে গত বুধবার শেষ হয়েছে ভোলা থিয়েটারের ছয় দিনের নাট্যোৎসব। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে কবি মোজাম্মেল হক টাউন হলে হাসির নাটক মঞ্চস্থ হয়।
রাত ১২টা ১ মিনিটে ভোলা থিয়েটার ২৫ বছর শেষ করে ২৬ বছরে পদার্পণ করেছে। ১৯৮৯ সালে জন্ম নেওয়া নাট্য সংগঠনটি গত শুক্রবার বাংলা স্কুল মাঠে সাত দিনব্যাপী নাট্যোৎসব শুরু করেছিল। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সে দিনের শুরু। বৈরী আবহাওয়ার কারণে সেখান থেকে এক দিন কমিয়ে কবি মোজাম্মেল হক টাউন হলে স্থানান্তর হয়। ছয় দিনে বরিশাল থিয়েটারের চিত্রাঙ্গদা, বরিশাল শিশু থিয়েটারের অতঃপর হাট্টিমাটিম, ভোর হলো শিশু থিয়েটারের উপানক সমাচার, ভোলা সরকারি কলেজের বীরপালা, বরিশাল নাট্যমের তিলক, ভোলা থিয়েটারের মাধব মালঞ্চী কইন্যা, ঢাকা নাট্যকেন্দ্রের দুই যে ছিলো এক চাকরসহ সাতটি নাটক মঞ্চস্থ হয়েছে।
‘জীবনের ঝরাপাতা উড়িয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে বিশ্ব কাঁপাও!’ স্লোগান সামনে রেখে নাট্যোৎসবের সমাপনী দিনে ঢাকা থেকে এসেছেন নাট্যকেন্দ্রের সম্পাদক অভিনেতা তারিক আনাম খান ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য, অভিনেতা ঝুনা চৌধুরী।
ভোলা থিয়েটারের সভাপতি নাসির লিটন সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা ছাড়াও আফসার উদ্দিন, খালেদা খানম, গ্রামীণ জন-উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির মহিন প্রমুখ বক্তব্য দেন। আলোচনা শেষে অতিথিদের সম্মাননা ও উত্তরীয় দেওয়া হয়।