ভোলা থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
ভোলা থিয়েটারের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার রাতে শহরের কবি মোজাম্মেল হক টাউন হলে মঞ্চস্থ হয়েছে সেলিম আল দীনের রচিত গ্রন্থিকগণ কহে নাটক। এ ছাড়া দুই গণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আয়োজক কমিটি সূত্র জানায়, মঞ্চ নাটক দেখা ভোলাবাসী প্রায় ভুলেই গেছে। তবুও ভোলা থিয়েটার দুই মাসে, ছয় মাসে কিংবা বছরে কিছু নাটক নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছে। সেলিম আল দীনের রচিত গ্রন্থিকগণ কহে নাটকটি এ থিয়েটারের ২০তম প্রযোজনা।
নাটকটি মঞ্চায়নের পর ষাটের দশকের তুখোড় নাট্যাভিনেতা নাজিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এম ফারুকুর রহমান বলেন, ২৭ বছর ধরে ভোলা থিয়েটার মঞ্চ নাটকের মাধ্যমে সমাজের অনাচার দূর করাসহ নাট্যপিপাসু মানুষের পিয়াস মেটাচ্ছে। তাঁদের আরও সহযোগিতা দরকার।
থিয়েটারের সভাপতি নাসির লিটন বলেন, এ বছর ‘ভোলা থিয়েটার পদক’ পেয়েছেন একসময়ের নাট্যাভিনেতা ও নাট্যসংগঠক জেলার চরফ্যাশন পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন ওরফে টুলু মিয়া ও জাতীয় পর্যায়ে প্রথম হওয়া নাট্যাভিনেতা সন্তু দাসকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃধা মো. মোজাহিদুল ইসলাম, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজন ও সাধারণ সম্পাদক মনির আহমেদকে ভোলা থিয়েটার ও গ্রাম থিয়েটারের নকশায় অলংকৃত উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।