ভোলা বিএনপির দুই পক্ষে উত্তেজনা
কেন্দ্রীয় নেতাদের ভোলা সফর নিয়ে জেলা বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। একটি পক্ষ শহরের নতুন বাজার চত্বর দখলে নিয়ে মঞ্চ তৈরি করছে। অপর পক্ষ বলছে, প্রধান অতিথিকে নিয়ে তারাই মঞ্চে প্রবেশ করবে। উভয় পক্ষ সমাবেশ সফল করতে পৃথকভাবে বৈঠক ও মিছিল করছে।জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের চাঙা করতে সাংগঠনিক সফরে কেন্দ্রীয় নেতারা আজ সোমবার ভোলায় আসছেন। নেতাদের মধ্যে আছেন স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।বিএনপির একাধিক নেতা জানান, গত বছর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে ফারুক মিয়ার কাছে হেরে যান হারুন অর রশিদ। এর পর থেকেই ভোলা বিএনপিতে দুটি পক্ষ তৈরি হয়। গত পৌর নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী হেরে গেলে উভয় পক্ষের বিরোধ প্রকাশ্য রূপ নেয়। দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া হয়।সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলম বলেন, ‘নতুন বাজার চত্বরে হান্নান শাহের মঞ্চের দখল আমাদের হাতে থাকবে। কেউ এর কর্তৃত্ব নিতে গেলে হিতে বিপরীত হবে।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, ‘মঞ্চ যে-ই নির্মাণ করুক, যার নিয়ন্ত্রণেই থাকুক, হান্নান শাহ ভোলায় আসবেন, তাঁকে নিয়ে আমরা মঞ্চে যাব। মঞ্চে কোনো বিশৃঙ্খলা করলে এর ফলাফল ভালো হবে না।’