ভোলা বিদ্যুৎকেন্দ্রের দায়িত্ব পিডিবিকে দেওয়ার দাবি
ভোলার ১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি ভেঞ্চার এনার্জি রিসোর্স লিমিটেডকে না দিয়ে পিডিবিকে (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) দেওয়ার সুপারিশ করলেন ভোলার সচেতন নাগরিকেরা। ভোলায় গ্যাসভিত্তিক সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে আরও ১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বসানোর সিদ্ধান্তের কারণে সুশীল সমাজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদের কাছে সরাসরি এ দাবি জানান। গত শুক্রবার দিবাগত রাতে ভোলা স্কাউট ভবনে রোভার স্কাউটসের সঙ্গে সচিবের মতবিনিময় সভায় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে এ দাবি উত্থাপন করেন। এ সময় ভোলায় টানা ২০ কিলোমিটার পাইপ লাইনে শিগগির গ্যাস দেওয়ারও দাবি জানানো হয়।ভোলার সচেতন নাগরিকেরা সচিবকে বলেন, ভেঞ্চার এনার্জি রিসোর্স লিমিটেড একটি পুরোনো মেশিন সের দরে কিনে এনে ২০০৮ সালে ভোলার খেয়াঘাটে বসিয়েছে। বসানোর পর থেকে আজ পর্যন্ত এক দিনও ঠিকভাবে সেবা দিতে পারেনি। প্রতি সপ্তাহেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বিকল হয়ে পড়ত। সর্বশেষ গত ১৮ আগস্ট গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বিকল হয়ে যায়। আজও কেন্দ্রটি চালু হয়নি। অথচ ভেঞ্চার তখন বলেছিল, ২০ দিনের মধ্যে কেন্দ্রটি চালু হবে। বর্তমানে জাতীয় গ্রিড থেকে ভোলাবাসী ৮-১০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছেন। অথচ ভোলার চাহিদা ২০ মেগাওয়াট। ভোলাবাসী নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে একাধিকবার আন্দোলন ও মানববন্ধন করেছেন। জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ সুশীল সমাজের দাবির পরিপ্রেক্ষিতে বলেন, ‘আমরা আপনাদের দাবি বিবেচনায় রাখব এবং যথাযথ মূল্যায়ন করে ব্যবস্থা নেব।’সভায় সুশীল সমাজের নেতা ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল কাদের, ফাতেমা খানম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, ভোলার প্রবীণ সাংবাদিক আবু তাহের, ভোলা স্বার্থরক্ষা কমিটির সদস্যসচিব অমিতাভ অপু, নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিনসহ সাংস্কৃতিককর্মী, শিক্ষক-ছাত্ররা উপস্থিত ছিলেন।