ভোলা-লক্ষ্মীপুর নৌপথে আবারও ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-লক্ষ্মীপুর নৌপথের ফেরি চলাচল আবারও বন্ধ হয়ে গেছে। জোয়ারের ঢেউয়ের তোড়ে গতকাল সোমবার দুপুরে ইলিশা ফেরিঘাটের পন্টুন ও গ্যাংওয়ে সংযোগ সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফেরি চলাচল বন্ধ হয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।
এর আগে ঝড়ের কবলে পড়ে ঘাটের গ্যাংওয়ে ছুটে গেলে ৬০ ঘণ্টা বন্ধ ছিল এ নৌপথ। গত বুধবার পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
পরিবহনকর্মী মো. হোসেন বলেন, ঘাটে তিনটি ফেরি ও শতাধিক যাত্রীবাহী বাস ও ট্রাক আটকে আছে।
ঘাটের সহকারী ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, ১১ মের ঝড়ে পন্টুন, গ্যাংওয়ে ও সংযোগ সড়ক বিধ্বস্ত হয়। পরে নতুন পন্টুন ও গ্যাংওয়ে বসানোর পর নৌপথটি চালু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আগের পন্টুন ও গ্যাংওয়ে পাল্টে ছোট একটি পন্টুন ও গ্যাংওয়ে স্থাপন করে। সেটি জোয়ারের ঢেউয়ের তোড়ে ঘাট থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মেঘনা নদীর ঢেউ সহ্য করার মতো উপযুক্ত পন্টুন ও গ্যাংওয়ে বসিয়ে সংযোগ সড়কটি সংস্কার করা দরকার। তবে কবে নাগাদ নৌপথ চালু হবে তা তিনি জানাতে পারেননি।
বিআইডব্লিউটিএর বরিশাল বিভাগের যুগ্ম পরিচালক সাহজল হক বলেন, ‘আমরা ঘাটটি দ্রুত সংস্কার করে ফেরি চালুর চেষ্টা করছি।’