ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি বন্ধ, আটকে আছে কয়েক শ যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরি চলাচল বন্ধ থাকায় ভোলা-লক্ষ্মীপুর নৌপথের যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল্প ব্যবস্থা না থাকায় বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা ইঞ্জিনচালিত নৌকায় উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন। এভাবে পারাপার হতে গিয়ে গতকাল রোববার ভোলার ইলিশা ফেরিঘাটে নৌকা থেকে পড়ে এক যাত্রী আহত হন। যাত্রী ও ট্রাকচালকদের অভিযোগ, বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যথাযথভাবে ফেরি সংস্কার না করায় ভোলা-লক্ষ্মীপুর নৌপথের ফেরি দিয়ে চলাচলকারী যানবাহনের যাত্রীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। কিন্তু বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের দাবি, মেয়াদোত্তীর্ণ ফেরি এবং সারা দেশে ফেরি-সংকটের কারণে এ সমস্যা হচ্ছে। গতকাল বেলা ১১টায় দেখা যায়, ভোলা-লক্ষ্মীপুর নৌপথের কয়েক হাজার যাত্রী ভোলার চরফ্যাশন থেকে বাসে এসে ইলিশা ফেরিঘাটে নামতে বাধ্য হচ্ছেন। ফেরি না থাকায় তাঁরা উত্তাল মেঘনায় ইঞ্জিনচালিত নৌকায় পার হচ্ছেন। গতকাল সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ফেরিঘাট থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ভোলার ইলিশা ফেরিঘাটের সঙ্গে এসে ধাক্কা খেলে একজন যাত্রী নদীতে পড়ে যান। অন্য যাত্রীরা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করেন।