ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে নতুন ফেরি চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-লক্ষ্মীপুর নৌপথে কিষানি নামে নতুন একটি ফেরি উদ্বোধন করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল শনিবার দুপুরে ভোলা ইলিশা ফেরিঘাটে তিনি এই ফেরির উদ্বোধন করেন।নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ও ভোলা-২ আসনের সাংসদ তোফায়েল আহমেদ, ভোলা-৪ আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বিআইডব্লিটিসির সচিব গোলাম মোস্তফা কামাল, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল কাদের, ফেরি বাস্তবায়ন ও ভোলা স্বার্থরক্ষা উন্নয়ন কমিটির সহসভাপতি আবদুল মমিন এবং কমিটির সদস্যসচিব অমিতাভ অপু।এদিকে ফেরি বাস্তবায়ন ও ভোলা স্বার্থরক্ষা উন্নয়ন কমিটি চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক যানজটমুক্ত এবং দক্ষিণাঞ্চলের পাঁচ বিভাগের ২১ জেলায় সহজ যোগাযোগের লক্ষ্যে নৌপরিবহনমন্ত্রীর কাছে ১০ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি দিয়েছে। মন্ত্রী এসব দাবি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন।পরে নৌপরিবহনমন্ত্রী কিষানি ফেরিতে করে লক্ষ্মীপুর হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন।এর আগে ভোলায় যাওয়ার পথে নৌপরিবহনমন্ত্রী গতকাল সকালে বরিশাল নৌবন্দর পরিদর্শন করেন। এ সময় তিনি বরিশাল নৌবন্দর এলাকার সব অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেন। মন্ত্রী বলেন, বরিশালে পরিত্যক্ত নৌ কারখানায় আধুনিক মেরিন একাডেমি নির্মাণ করা হবে।এ সময় বরিশাল জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমান ও বন্দর কর্মকর্তা কাজী ওয়াকিল নওয়াজ উপস্থিত ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে মন্ত্রী সড়কপথে ভোলার উদ্দেশে রওনা দেন।