ভোলা-লক্ষ্মীপুর পথে ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পন্টুন-গ্যাংওয়ে সরে যাওয়ার কারণে ভোলা-লক্ষ্মীপুর নৌপথের ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে গাড়ি ওঠানামা গতকাল বুধবার আবারও বন্ধ হয়ে যায়। এ সময় একটি বাস দুর্ঘটনার শিকার হয়।
প্রত্যক্ষদর্শী আমির হোসেন জানান, গতকাল দুপুরে জোয়ারের সময় পন্টুন ও গ্যাংওয়েটি সরে যায়। ভাটার সময় বেলা দুইটার দিকে একটি বাস ফেরিতে উঠতে গিয়ে পন্টুন ও গ্যাংওয়ের সংযোগস্থলে আটকে যায়। এরপর থেকে কোনো বাস ফেরিতে উঠতে পারছে না।
বিভিন্ন যানবাহন চালকেরা জানান, চার মাস ধরে ইলিশা ফেরিঘাট জোয়ারের সময় ডুবে যাচ্ছে। এতে দিনে জোয়ারের সময়সহ ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১২ ঘণ্টাই ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। গাড়ি ফেরিতে উঠতে গেলে দুর্ঘটনার শিকার হচ্ছে। ফলে গাড়ি ও ফেরির চালকেরা ভাটার অপেক্ষায় থাকেন। আর ঈদ সামনে রেখে ঘাটে আটকে আছে শতাধিক বাস ও ট্রাক। ভাটার ওপর নির্ভর করে চলছে ফেরি। এর আগে গত মাসের শেষ দিকে এই ঘাটের পন্টুন ও গ্যাংওয়ে সরে যানবাহন চলাচল সাময়িক বন্ধ ছিল।
ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, জোয়ারের সময় স্রোত ও পানির উচ্চতা বাড়ায় ভোলা প্রান্তের ফেরিঘাটটি ডুবে যাচ্ছে। মাত্র ২০ ফুট লম্বা পন্টুন হওয়ায় জোয়ারের সময় এটি গ্যাংওয়ে থেকে সরে যাচ্ছে। ফলে ভাটার সময় পন্টুনের সঙ্গে ও গ্যাংওয়ের সংযোগ পুনঃস্থাপন করে গাড়ি ওঠানামা করাতে হচ্ছে। সময়মতো ফেরি চলাচল করতে না পারায় দুই পাড়ে দীর্ঘ যানজট হচ্ছে।
ব্যবস্থাপক আরও বলেন, গত মার্চে মাসে হঠাৎ ঝড়ে আগের ৪০ ফুট লম্বা পন্টুন ও গ্যাংওয়েটি দুমড়ে-মুচড়ে যায়। এগুলো সংস্কারের জন্য ডকইয়ার্ডে নিয়ে পরে অপেক্ষাকৃত ছোট একটি পন্টুন ও গ্যাংওয়ে স্থাপন করা হয়। পুরোনো পন্টুন ও গ্যাংওয়ে দ্রুত সংস্কার করার কথা ছিল। কিন্তু এখনো তা করা হয়নি। বিষয়টি কর্তৃপক্ষকে কয়েকবার জানানো হলেও কোনো কাজ হচ্ছে না।
এ বিষয়ে জানতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল বিভাগীয় (পন্টুন) যুগ্ম পরিচালক শাহজল হকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।