ভোলা-লক্ষ্মীপুর পথে ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনার ভাঙনের কারণে সাত দিন বন্ধ থাকার পর ভোলা-লক্ষ্মীপুর নৌপথে গতকাল রোববার সকাল ১০টায় ফেরি চলাচল শুরু হয়েছে। এ নিয়ে দুই মাসে দুবার ফেরি চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলেন, মেঘনার তীব্র ভাঙনে গত ২৫ জুলাই ভোলার ইলিশা ফেরিঘাট মেঘনায় বিলীন হয়। এতে ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রায় এক কিলোমিটার দক্ষিণে বিশ্বরোডের মাথায় ফেরিঘাট স্থানান্তরের কাজ শুরু হয়। ৩০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ঘাটের কাজ শেষে ১০ আগস্ট ফেরি চলাচল শুরু হয়। ২৩ আগস্ট ঘাটটির অধিকাংশ মেঘনায় বিলীন হলে আবার ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর বিআইডব্লিউটিএ আবার সংস্কার শুরু করে।
জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, মেঘনার ভাঙনে ফেরি চলাচল বন্ধ হওয়ায় খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার যোগাযোগ ব্যাহত হচ্ছে।
বিআইডব্লিউটিসির ভোলা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, ভোলার ঘাটটি ভাঙনকবলিত হওয়ায় যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। জরুরি ভিত্তিতে নদীশাসন করে স্থায়ী ফেরিঘাট নির্মাণ করা দরকার।
বিআইডব্লিউটিএর বরিশাল অঞ্চলের সহকারী প্রকৌশলী মো. মতিউল ইসলাম বলেন, তাঁরা ভোলার বিশ্বরোডের মাথার ফেরিঘাটে সার্বক্ষণিক নজর রাখছেন।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, ভাঙন প্রতিরোধে এ পর্যন্ত প্রায় ২৮ হাজার বালুভর্তি জিও টেক্সটাইল বস্তা ফেলা হয়েছে। আরও ফেলা হবে।