ভোলা-লক্ষ্মীপুরে ১৫ দিন পর ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ থাকার ১৫ দিন পর আজ সোমবার সকালে ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। এতে ভোলার সঙ্গে চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের ২১ জেলার বন্ধ থাকা সড়ক যোগাযোগ আবার শুরু হলো।

কনকচাঁপা নামের একটি ফেরি আজ সকাল সাড়ে আটটার দিকে ১২টি যান নিয়ে ভোলার নতুন ফেরিঘাট বিশ্বরোডঘাট থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা ফেরি চলাচলের উদ্বোধন করেন।

ভোলায় ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, গত ২৫ জুলাই বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ভোলা অংশের চডারমাথা থেকে ভোলার ইলিশা ফেরিঘাট পর্যন্ত মহাসড়ক মেঘনার ভাঙনে বিলীন হয়ে যায়। ২৬ জুলাই থেকে ভোলার ইলিশা ঘাট থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ফেরিঘাটে নৌপথে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়।

২৭ ও ২৮ জুলাই প্রথম আলোতে এ ব্যাপারে খবর প্রকাশিত হলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মোজাম্মেল হকসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ফেরিঘাট সরিয়ে বিশ্বরোডের মাথায় স্থানান্তর করেন। আজ সেটির উদ্বোধন করা হয়।

ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, এ নৌপথে চারটি ফেরি দরকার। বর্তমানে মাত্র একটি ফেরি আছে। টানা ১৫ দিনের গাড়ির জট ছাড়াতে দ্রুত কমপক্ষে দুটি ফেরি দরকার। নইলে জট ছাড়াতে সমস্যা দেখা দেবে।