ভোলা শহর রক্ষা বাঁধে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা শহর রক্ষা বাঁধ ভেঙে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তিন হাজার পরিবারের বাড়িঘরে পানি উঠেছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে শহর রক্ষা বাঁধের জমাদারবাড়ী এলাকা দিয়ে প্রায় ১০০ ফুট ভেঙে যায়। জোয়ারের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলার কাচিয়া, দৌলতখান উপজেলার ভবানীপুর, সৈয়দপুর ও বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা, পক্ষিয়া ও হাসাননগর ইউনিয়নের ভাঙনকবলিত এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে রয়েছে বলে এলাকাবাসী জানান। সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রেড ক্রিসেন্টের সভাপতি নজরুল ইসলাম গোলদার বলেন, ভোলা শহর রক্ষা বাঁধে প্রায় দুই হাজার মিটার ব্লক ফেলা হয়েছে। বাকি এখনো প্রায় তিন কিলোমিটার এলাকায় ব্লক ফেলা দরকার। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. ফজলে ইলাহী বলেন, ‘ভোলা শহর রক্ষা বাঁধের জমাদারবাড়ী এলাকায় এই বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এ পর্যন্ত ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলাসহ প্রায় তিন হাজার মিটার রিং বাঁধ নির্মাণের জন্য জরুরি ভিত্তিতে বরাদ্দ হয়েছে।’জেলা প্রশাসক মেসবাহুল ইসলাম বলেন, ছুটে যাওয়া বাঁধ দিয়ে পানি ঢুকে শহর প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্যই দ্রুত বাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে।