ভোলা শহররক্ষা বাঁধ হুমকিতে
ভোলা সদর উপজেলার চার কিলোমিটারে মেঘনার ভাঙন বেড়েছে। এতে কমপক্ষে দেড় হাজার পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ভোলা শহররক্ষা বাঁধের ৮০০ বর্গমিটার এলাকার সিসি ব্লক মেঘনায় বিলীন হয়ে গেছে। এতে ওই বাঁধের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। পাউবো সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে ভোলার ধনিয়ার বালিয়াকান্দি থেকে কাচিয়া ইউনিয়ন হয়ে ইলিশার কাশেম মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় চার কিমি এলাকায় মেঘনার ভাঙন তীব্র হয়েছে। এর মধ্যে ধনিয়ার বালিয়াকান্দি এলাকায় ভাঙনের মাত্রা বেড়ে যাওয়ায় ভোলা শহররক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে।মঙ্গলবার সরেজমিন দেখা যায়, ভাঙনকবলিত এলাকার লোকজন ভিটা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি দফাদার বাড়ি থেকে লঞ্চঘাট পর্যন্ত প্রায় ৬০০ বর্গমিটার এলাকার ব্লক (ফোল্ডার) মেঘনায় বিলীন হয়ে গেছে। আইলায় ক্ষতিগ্রস্ত স্থান দিয়ে পানি ঢুকে বন্যানিয়ন্ত্রন বাঁধে আঘাত হানছে। বর্তমানে নদীর তীর থেকে মাত্র পাঁচ মিটারে ব্লক আছে। এটা ছুটে গেলেই বন্যানিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়বে। পাউবোর ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান বলেন, ‘বাঁধের মাঝামাঝি স্থানে ব্লক ফেলে বাঁধ দেওয়া হয়েছে। ফলে নদীর স্রোত ব্লকে আঘাত পেয়ে ভূমির দিকে মোড় নেওয়ায় ভাঙনের মাত্রা বেড়েছে। এখন ব্লকবাঁধেই আঘাত হেনেছে। ধনিয়ার বালিয়াকান্দি থেকে ইলিশা পর্যন্ত চার কিলোমিটারে ব্লক ফেলার কাজের একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেওয়া আছে। সেটা পাস না হয়ে আসা পর্যন্ত জরুরি ভিত্তিতে ভাঙন রোধ করার চেষ্টা করছি। ইতিমধ্যে ২৫ লাখ টাকার জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করছি।’