ভোলা শহররক্ষা বাঁধের এক কিলোমিটার বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজানের পানির তীব্র স্রোতের কারণে ভাঙনে গত চার দিনে ভোলা শহররক্ষা বাঁধের প্রায় এক কিলোমিটার মেঘনায় বিলীন হয়েছে। বাঁধ ভেঙে যাওয়ায় পাশের জমি নদীতে বিলীন হচ্ছে। শহরবাসী বলছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নিয়মিত সংস্কার না করায় নয় কিলোমিটার এই বাঁধটির বিভিন্ন স্থানে ভেঙে যাচ্ছে।পাউবো সূত্রে জানা গেছে, শহররক্ষা বাঁধের মদনপুর খেয়াঘাট থেকে উত্তরে বালিয়াকান্দির দফাদারবাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকার বাঁধের অধিকাংশ ব্লক বুধ থেকে শনিবার পর্যন্ত মেঘনায় বিলীন হয়েছে। বালিয়াকান্দি থেকে পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগি পর্যন্ত ভাঙনের তীব্রতা বেড়েছে। শনিবার সরেজমিনে দেখা গেছে, দফাদারবাড়ি থেকে মদনপুর খেয়াঘাট পর্যন্ত বাঁধের অধিকাংশ ব্লক মেঘনায় বিলীন হয়েছে। স্রোতের তীব্রতা রয়েছে। ভাটার সময় উজানের পানি নামছে। আর ভাসিয়ে নিচ্ছে ব্লক। মদনপুর ঘাটের মাঝি জাহাঙ্গীর বলেন, ‘ভাঙনের মুহে ব্লক থাওনে গত ১২ বছর ভোলা শহর টিক্কা আছিল। আর টিকোনের আশ নাই।’ ধনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদ হোসেন জানান, ভাঙনের তীব্রতা খুব বেশি। শহর ভাঙন রোধ করা না গেলে গোটা ইউনিয়ন বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার বলেন, পাউবোর তদারকি না থাকায় জনগণ ভোগান্তিতে পড়েছে। ভোলা শহর রক্ষার জন্য পুরো বাঁধের গায়ে ব্লক ফেলা উচিত। পাউবো ভোলার নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান বলেন, ‘বরাদ্দ না থাকায় বাঁধটি সংস্কার করা যায়নি। এত ভাঙন! কী করব বুঝতে পারছি না। এখন বাঁধ সংস্কার করে লাভও নেই। কারণ, ভাঙনের তীব্রতা বেড়েছে। শহরে যাতে পানি না ঢোকে, সে জন্য আমরা একটি রিংবাঁধ নির্মাণের পরিকল্পনা করেছি।’