ভোলা শহররক্ষা বাঁধের ৫০০ মিটার বিলীন
এক রাতে ভোলা শহররক্ষা বাঁধের তুলাতুলি দফাদারবাড়ি থেকে তুলাতুলি লঞ্চঘাট পর্যন্ত ৫০০ মিটার এলাকার ব্লক মেঘনা নদীতে বিলীন হয়েছে। ২৮ মিটার চওড়া বাঁধের ২৫ মিটারের ব্লক বিলীন হয়েছে। আর তিন মিটার চওড়া এলাকার ব্লক বিলীন হলেই বাঁধ ভেঙে শহরে পানি ঢুকবে। জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল কাদের মজনু, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্তাব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসীর অভিযোগ, ব্লক-বাঁধ নির্মাণ করার পরে প্রতিবছর রক্ষণাবেক্ষণ ও সংস্কার করার কথা থাকলেও গত ১৮ বছরে পাউবো তা করেনি। পাউবোর সহকারী প্রকৌশলী ফজলে এলাহী বলেন, ১৯৯২-৯৩ অর্থবছরে প্রথম পর্যায়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধের প্রায় এক হাজার ৩০০ মিটার এলাকায় ২৮ মিটার চওড়ায় ব্লক বসানো হয়। এ জন্য খরচ হয় প্রায় ৩২ কোটি টাকা। গত বছর ১৫০ মিটার এবং এ বছর ৫০০ মিটার এলাকার ব্লক বিলীন হয়েছে। কোথাও কোথাও ২৮ মিটার প্রস্থের ২৫ মিটারের ব্লকই বিলীন হয়েছে।গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, বাঁধের তুলাতুলি দফাদারবাড়ি থেকে মুন্সিবাড়ি পর্যন্ত এক হাজার ৩০০ মিটারে যেসব ব্লক ফেলা হয়েছে, তার অধিকাংশই বিলীন হয়ে গেছে। গোলাদারবাড়ির সামনে ৫০ মিটার দীর্ঘ বাঁধ মাত্র তিন মিটার চওড়া আছে। বাকিটা বিলীন হয়ে গেছে। এই তিন মিটারের ব্লক বিলীন হলেই বাঁধ ভেঙে যাবে। ইতিমধ্যে বাঁধের কোনো কোনো অংশের ব্লক দেবে গিয়ে পানি ঢুকছে। লঞ্চঘাট এলাকার নিজাম গোলাদার জানান, এক রাতে ১৫ মিটার চওড়া এলাকার ব্লক বিলীন হলে বাকি তিন মিটার বিলীন হতে কতক্ষণ। তাই বাঁধের পাশের কয়েক শ পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।ধনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, প্রথম পর্যায়ে বাঁধের এক হাজার ৩০০ মিটার ব্লক ফেলা হয়েছে। গত বছর এই ব্লকের ১৫০ মিটার এবং এ বছর ৫০০ মিটার ভেঙেছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, ‘ব্লক-বাঁধ প্রতিবছর রক্ষণাবেক্ষণের জন্য সংস্কার করা দরকার। কিন্তু টাকার অভাবে করতে পারিনি। এখন তুলাতুলি দফাদারবাড়ি থেকে পূর্ব ইলিশা সোনাডুগির বিল পর্যন্ত সাড়ে আট কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধে ব্লক বসানো একান্ত জরুরি। না হলে ভোলা শহরসহ ধনিয়া, কাচিয়া, পূর্ব ইলিশা ও বাপ্তা ইউনিয়ন রক্ষা করা কঠিন হবে।’ গতকাল বুধবার বরিশাল বিভাগীয় কার্যালয়ে জরুরি বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন করবেন।