ভোলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কক্ষে ভাঙচুরের ঘটনায় করা মামলায় আবদুুর রহমান নামের এক ঠিকাদারকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।এদিকে মামলা প্রত্যাহার ও নির্বাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদারের অপসারণ দাবিতে গতকাল শনিবার শহরে ঠিকাদারদের একটি অংশের পক্ষে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গত শুক্রবার তিনজন ঠিকাদারের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা সাতজনের বিরুদ্ধে ভোলা থানায় মামলা করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা গত বৃহস্পতিবার বেলা একটার দিকে নির্বাহী প্রকৌশলী দেলোয়ারের কাছে গত ২৮ নভেম্বর জমা দেওয়া ১০টি দরপত্রের পাঁচটি বাতিলের দাবি জানান। কিন্তু তিনি এতে অসম্মতি জানালে আসামিরা নির্বাহী প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এ ছাড়া তাঁর টেবিল ও জানালার কাচ ভাঙচুর করেন। প্রসঙ্গত, নির্বাহী প্রকৌশলী দেলোয়ারের বিরুদ্ধে উৎকোচ নিয়ে প্রায় তিন কোটি টাকার একটি ঠিকাদারি কাজের দরপত্রে কারসাজির অভিযোগ উঠেছে। এসব দরপত্র বাতিলের দাবিতে ঠিকাদারদের একটি অংশ গত বৃহস্পতিবার নির্বাহী প্রকৌশলীকে তাঁর কক্ষে রাত আটটা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। দরপত্রগুলো পুনর্মূল্যায়নের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পরে ঠিকাদারেরা অবরোধ তুলে নেন।ঠিকাদারদের বিরুদ্ধে করা এই মামলা ‘মিথ্যা’ আখ্যা দিয়ে তা বাতিল ও নির্বাহী প্রকৌশলীকে অপসারণের দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে শহরের কালীনাথ রায়ের বাজার থেকে একটি মিছিল বের করা হয়। এতে ঠিকাদারদের পক্ষে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের দেড় শতাধিক নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে আবার কালীনাথ রায়ের বাজারে এসে শেষ হয়। ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।