ভোলা সদর উপজেলা আ.লীগের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা
ভোলা জেলা আওয়ামী লীগের দুই পক্ষ সদর উপজেলা আওয়ামী লীগের পাল্টাপাল্টি দুটি কমিটি ঘোষণা করেছে। উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি ঘোষণার অভিযোগ তুলেছে।দলীয় সূত্রে জানা গেছে, ১৭ জানুয়ারি কবি মোজাম্মেল হক টাউন হল মিলনায়তনে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের উপস্থিতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিনের সভাপতিত্বে এক সভায় ৬৫ সদস্যবিশিষ্ট সদর উপজেলা কমিটি গঠন করা হয়। এ কমিটিতে মোশারেফ হোসেনকে সভাপতি ও নজরুল ইসলাম গোলদারকে সাধারণ সম্পাদক করা হয়।১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদেরের সভাপতিত্বে সদর উপজেলা আওয়ামী লীগের ৬৫ সদস্যের পাল্টা একটি কমিটি ঘোষণা করা হয়। এতে হামিদুল হককে সভাপতি ও নুরুল ইসলাম মুন্সিকে সাধারণ সম্পাদক করা হয়।ফজলুল কাদের বলেন, ‘আবদুল মমিনের পক্ষ গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি করেছে। কিন্তু আমরা গঠনতন্ত্র মেনে ওয়ার্ড পর্যায়ে সদস্য তৈরি করে ইউনিয়নের কমিটি ও কাউন্সিলর নির্বাচন করেছি। সেই কাউন্সিলরদের ভোটে ১৮ জানুয়ারি সদর উপজেলা কমিটি করেছি।’আবদুল মমিন বলেন, ‘আমরা গঠনতন্ত্রের প্রতিটি অক্ষর মেনে প্রকাশ্যে হলভর্তি কাউন্সিলরদের সামনে কমিটি গঠন করেছি। কিন্তু ফজলুল কাদের চেম্বার ভবনে তাঁর কক্ষে বসে গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠন করেছেন।’