ভোলা সদরে পুনরায় নির্বাচনের দাবি দুই প্রার্থীর
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে বিএনপি এবং ইসলামী আন্দোলন-সমর্থিত প্রার্থীরা নির্বাচন স্থগিত করে পুনরায় নির্বাচন দাবি করেছেন।
এদিকে ভোটকেন্দ্রে সন্ত্রাসী হামলা হওয়ার পর ভোলা পৌরসভার আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় ভোলা সদর রোডে ছাত্রদল কার্যালয়ে বিএনপি-সমর্থিত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমাদের পক্ষে ৮০ ভাগ ভোট থাকার পরও প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কারণে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারেননি। যাঁরা গিয়েছেন, তাঁদের ব্যালট পেপার কেড়ে নিয়ে আওয়ামী লীগের কর্মীরাই ভোট দিয়েছেন। ভোর থেকে কমপক্ষে ৫০টি কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। যাঁরা কেন্দ্রে গিয়েছেন, তাঁদের অস্ত্রের ভয় দেখানো হয়েছে।
তিনি বলেন, ‘এসব অভিযোগ ভোলা নির্বাচন কার্যালয়, ঢাকায় নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা, পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। আমরা এ ভোট স্থগিত করে পুনরায় ভোট অনুষ্ঠানের দাবি করছি।’
একই অভিযোগ তুলে ভোট বর্জন ও পুনর্নির্বাচনের দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার ছাত্র ও যুববিষয়ক সম্পাদক এবং দল-সমর্থিত প্রার্থী মিজানুর রহমান।