ভোলা সরকারি কলেজে ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণা
ভোলা সরকারি কলেজে ছাত্রদলের নেতা-কর্মীদের অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগ। এ ছাড়া ছাত্রাবাস থেকে তাঁদের বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গত শনিবার সকালে ছাত্রদলের কর্মীরা ছাত্রলীগের একটি ব্যানার খুলে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই সংগঠনের কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় গত রোববার ছাত্রলীগ ভোলা সরকারি কলেজে ছাত্রদলের নেতা-কর্মীদের অবাঞ্ছিত ঘোষণা করে। ভোলা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল-আমিন অভিযোগ করেন, গত শনিবার ছাত্রলীগের ভোলা সরকারি কলেজ শাখার সহসভাপতি জাহিদুর রহমানের নেতৃত্বে একদল কর্মী ছাত্রদলের একটি ব্যানার পুড়িয়ে দেয়। কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এ কারণে ছাত্রদলের অনেক কর্মী পরীক্ষা দিতে এবং ক্লাস করতে পারছেন না। জেলা ছাত্রলীগের সভাপতি আবিদুল আলম ও ভোলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তৈয়বুর রহমান বলেন, ছাত্রদলের কর্মীরা ছাত্রলীগের একটি ব্যানার খুলে ফেলে দিয়েছে এবং ছাত্রলীগের নেতা জাহিদুরকে পিটিয়ে জখম করেছেন। এ জন্য তাঁরা ওই সংগঠনের নেতা-কর্মীদের কলেজে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। ছাত্রদল ছাত্রলীগের নেতা জাহিদুরকে পিটিয়ে জখম করার অভিযোগ অস্বীকার করেছেন।ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভীন আখতার জানান, ছাত্রদলের নেতা-কর্মীদের অবাঞ্ছিত ঘোষণা করার বিষয়টি তিনি জানেন না। যেসব ছাত্র ক্লাস করবে না তারা সমস্যায় পড়বে।