ভোলা সরকারি বালক বিদ্যালয়ে আন্দোলন অব্যাহত
ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা টানা পাঁচ দিন ধরে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে। ৯ সেপ্টেম্বর শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদ ও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বদলির দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করছে।ছয় দিন পরও প্রশাসন এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে বিদ্যালয় বন্ধ থাকায় ছাত্রদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। এ অবস্থায় ওই পুলিশ কর্মকর্তাদের বদলির দাবিতে অভিভাবকেরা আজ শনিবার বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল শুক্রবার এ বিষয়ে শহরে মাইকিং করা হয়েছে।৯ সেপ্টেম্বর বিকেলে ভোলা আন্তস্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ওই বিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয়। পুলিশ এ সময় স্কুল ক্যাম্পাসে ঢুকে ছাত্র ও শিক্ষকদের লাঠিপেটা করে। এ সময় ছাত্ররাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এতে ৭৪ জন ছাত্র, শিক্ষক ও পুলিশ আহত হয়।প্রধান শিক্ষক জাকিরুল হক বলেন, ‘যেসব ছাত্র বাস ভাঙচুর করেছে, তাদের শাস্তি হোক। পুলিশের যেসব কর্মকর্তা ক্যাম্পাসে ঢুকে ছাত্র-শিক্ষকদের পিটিয়েছে, আমরা এ জেলায় তাদের দেখতে চাই না। এ দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।’পুলিশ সুপার (এসপি) বসির আহমেদ জানান, পুলিশ কর্মকর্তাদের শাস্তির ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেখানে অপরাধ প্রমাণিত হলে ওপর থেকে ব্যবস্থা নেওয়া হবে।জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ছাত্র ও শিক্ষকের দাবির প্রতি সমঞ্চান রেখে আন্দোলন অবসানের চেষ্টা করছি। কারণ, ছাত্রদের সামনে পরীক্ষা।’