ভোলা-৩ আসন শূন্য ঘোষণার খসড়া গেজেট স্পিকারের কার্যালয়ে
জাতীয় সংসদের ভোলা-৩-এর আওয়ামী লীগের সাংসদ মো. জসিম উদ্দিনের আসনটি শূন্য ঘোষণার জন্য গেজেটের খসড়া স্পিকারের কার্যালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এ কথা জানান।তথ্য গোপন করে নবম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে উচ্চ আদালত গত ১৮ অক্টোবর জসিম উদ্দিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। ওই নির্বাচনে অংশ নেওয়া বিএনপির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মদের রিটের পর আদালত ওই রায় দেন। তবে নির্বাচনের আগে হাফিজ উদ্দিন আহম্মদ কমিশনে একই ধরনের অভিযোগ করলেও কমিশন জসিম উদ্দিনের মনোনয়ন তখন বৈধ ঘোষণা করে। সাখাওয়াত হোসেন বলেন, আদালতের রায় অনুযায়ী ওই আসনে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে। স্পিকারের কাছে আসন শূন্য ঘোষণার জন্য খসড়া গেজেট পাঠানো হয়েছে। সেখান থেকে আসন শূন্য ঘোষণার দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি ওই নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে কমিশন। মার্চের শেষে ভোট গ্রহণের পরিকল্পনা আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসিসি এলাকার ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে আদালতের নোটিশের বিষয়টি নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রভাব ফেলবে না।