জাতীয় সংসদের ভোলা-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠানের মতো সুষ্ঠু পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন বিএনপির সহসভাপতি হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, ওই এলাকায় প্রশাসন ও সরকারদলীয় ক্যাডাররা বিএনপির নেতা-কর্মীদের ওপর মামলা-হামলা করছে। গতকাল মঙ্গলবার রাজধানীর বনানীতে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে হাফিজউদ্দিন আহমেদ এ কথা বলেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে তিনি ওই আসনে বিএনপিদলীয় প্রার্থী ছিলেন।ভোলা-৩ আসনে উপনির্বাচনের পরিবর্তে নতুন নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে হাফিজউদ্দিন বলেন, আদালত নির্বাচনে জয়ী প্রার্থী জসিমউদ্দিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন। তাই তাঁকে বাদ দিয়ে অপর বৈধ প্রার্থীদের নিয়ে নতুন নির্বাচন হওয়া উচিত। ওই আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত জসিমউদ্দিনের মনোনয়নপত্র সম্প্রতি আদালত অবৈধ ঘোষণা করেন। স্পিকারও ওই আসন শূন্য বলে সংসদকে অবহিত করেছেন। আইন অনুযায়ী আগামী ৭ মের মধ্যে ওই আসনে উপনির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে। হাফিজউদ্দিন অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে সরকারদলীয় লোকজন নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। বিরোধী দলের কর্মকাণ্ডে বাধা দিচ্ছে।