ভোলা-৩ উপনির্বাচনে সেনা মোতায়েন হবে না: এম সাখাওয়াত
ভোলা-৩ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না। তবে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।আগারগাঁওয়ে কমিশনের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এ কথা জানান। তিনি বলেন, নবম সংসদ নির্বাচনের পর যেসব আসনে উপনির্বাচন হয়েছে, সেখানে সেনা মোতায়েন করা হয়নি। তাই এ নির্বাচনেও সেনা মোতায়েন করা হবে না। সম্প্রতি বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাত্ করে ভোলা-৩ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছিলেন, বিষয়টি কমিশন ভেবে দেখবে।গতকাল সাখাওয়াত হোসেন সেনাবাহিনী মোতায়েন না করার বিষয়টি জানিয়ে দেন। তিনি নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন কমিশন কেবল নির্বাচনের আয়োজন করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। নির্বাচন কমিশনার জানান, উপনির্বাচনের জন্য প্রশাসনিক কর্মকর্তাদের রদবদলের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য খুব শিগগিরই সরকারকে চিঠি দেওয়া হবে।