ভোলা ৩-এ জসীমসহ ২ জন মনোনয়নপত্র জমা দেবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনের উপনির্বাচনে আগের বিজয়ী জসীম উদ্দিনসহ দুজনকে মনোনয়নপত্র জমা দিতে বলেছে আওয়ামী লীগ। অন্য সম্ভাব্য প্রার্থী হলেন নূরুন্নবী চৌধুরী। প্রার্থী যাচাই-বাছাইয়ের পর তাঁদের একজনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।গতকাল রোববার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দলীয় সূত্র জানায়, এলাকা থেকে কার ব্যাপারে কেমন সাড়া পাওয়া যায় তা দেখার কৌশল নিয়েছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা। যার ব্যাপারে জনগণ ইতিবাচক মনোভাব দেখাবে, শেষ পর্যন্ত তাঁকেই মনোনয়ন দেওয়া হতে পারে।সূত্র আরও জানায়, সংসদীয় বোর্ডের বৈঠকে ভোলার স্থানীয় নেতাদের ডেকে আনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের সঙ্গে কথা বলেন। সংসদীয় বোর্ড মনোনয়ন-প্রার্থীদেরও ডেকে তাঁদের সঙ্গে কথা বলে। আওয়ামী লীগের সূত্র জানায়, দলীয় উচ্চপর্যায় জসীম উদ্দিনকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে নমনীয় ছিল। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ তার জোর বিরোধিতা করছে। সাবেক সেনা কর্মকর্তা জসীম উদ্দিন গত ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন।