ভোলাকে কৃষি ও পর্যটন জোনে ফেলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা একটি কৃষি ও পর্যটনবান্ধব জেলা। এখানকার উর্বর জমি ভাঙনে, ইটভাটা ও বাড়িঘর নির্মাণে শেষ হয়ে যাচ্ছে। এ অবস্থা মোকাবিলায় জেলাকে কৃষি, মৎস্য, গবাদিপশুর আবাদ ও পর্যটন জোনে অন্তর্ভুক্ত করতে হবে। ‘জলবায়ু পরিবর্তন, ভূমি বিপন্নতা এবং ভূমি জোনিং ম্যাপ’বিষয়ক সেমিনারে বক্তারা এই দাবি করেন।
গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সেমিনার হয়। মূল প্রবন্ধ পাঠ করেন ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা সৈয়দ মামুনুল আলম। প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোয়াজ্জেম হোসাইন বলেন, প্রতিদিন ২২০ হেক্টর কৃষিভূমি শিল্প-কলকারখানা, বসতবাড়ি ও রাস্তাঘাট নির্মাণে ব্যবহার করা হচ্ছে। মানুষ ভূমির অতিরিক্ত ও অপরিকল্পিত ব্যবহার করছে। এতে ২০৫০ সালে বর্তমানের মাথাপিছু চাষযোগ্য জমি ১৪ শতক থেকে ৬ শতকে নেমে আসবে। সরকার এ জন্য ভূমি জোনিং ম্যাপ তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন বলেন, ভূমিসচিবের কাছে দ্রুত সীমানা বিরোধ ও ভুয়া ডিক্রিধারীদের উপদ্রব বন্ধের দাবি জানান।
জেলা প্রশাসক মো. সেলিম রেজার সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দাউদ মিয়া, প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক আবু তাহের প্রমুখ।