ভোলাকে সংরক্ষিত অঞ্চল ঘোষণা করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যে চর জোয়ারে ডুবে যায় ভাটায় জেগে ওঠে, সে চরই পাখির জন্য উপযোগী। উপকূলে এ রকম হাজারের বেশি চর রয়েছে, যেখানে অতিথি পাখির ৬০ ভাগ খাবার খেতে আসে। কিন্তু জেলেরা এসব চরে কারেন্ট জাল পেতে পাখির খাদ্য ও বিচরণস্থল ধ্বংস করছেন। সরকারের উচিত ভোলাকে সংরক্ষিত অঞ্চল ঘোষণা করা।’
ভোলায় আসা পাখিশুমারি দলের বিশেষজ্ঞরা গতকাল রোববার শেষ দিনে এ মতামত ব্যক্ত করেন। দলটি এখানে এবার প্রথম দেখেছে চামচ ঠুঁটো বাটান নামের মহাবিপন্ন জলচর পাখি। দেখতে পায়নি মদনটাক নামের আরেক মহাবিপন্ন পাখি, যা গত বছরেও দেখা যায়। এবার জলচর পরিযায়ী পাখির সংখ্যা ও প্রজাতি বৃদ্ধি পেলেও বিশেষজ্ঞরা শঙ্কিত দিনে দিনে পাখির প্রজনন, খাদ্যস্থল ও বিচরণক্ষেত্র নষ্ট হচ্ছে বলে।
শুমারি দলের প্রধান পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক গতকাল বলেন, ২০১২ সালের শুমারিতে ভোলার উপকূলে ৬৫ জাতের প্রায় ২২ হাজার ৮৪৯টি পাখি এসেছে। ২০১৩ সালের শুমারিতে দেখা যায়, প্রায় ৬৪ প্রজাতির প্রায় ৩৫ হাজার ৫০০টি জলচর পাখি। চলতি বছরের শুমারিতে দেখা যায় ৬৬ প্রজাতির প্রায় ৪৯ হাজার ৯২৫টি পাখি।