ভোলাগঞ্জে ১৫ ‘বোমা মেশিন’ নষ্ট, ২৫টি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ ‘বোমা মেশিন’ দিয়ে পাথর উত্তোলনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানের খবর সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিকেরা। গতকাল সোমবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে এ ঘটনা ঘটে।হামলাকারীরা বেসরকারি টেলিভিশনের দুজন সাংবাদিকসহ ছয়জনকে আটকে রাখলে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। সন্ত্রাসী হামলায় সাংবাদিকদের বহনকারী গাড়ির চালকসহ দুজন আহত হয়েছেন।পুলিশ ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ভোলাগঞ্জে ৪০টি ‘বোমা মেশিন’ চালু রয়েছে। পরিবেশ অধিদপ্তর গতকাল সকালে এগুলোর বিরুদ্ধে অভিযানে নামে। খবর পেয়ে সংবাদকর্মীরা সেখানে গেলে ‘বোমা মেশিন’ চালুর পক্ষের একদল শ্রমিক তাঁদের ওপর হামলা চালায় এবং তাঁদের আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। এরপর পুলিশের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ১৫টি বোমা মেশিন নষ্ট করে। জব্দ করে আরও ২৫টি।অভিযানে নেতৃত্বদানকারী পরিবেশ অধিদপ্তর সিলেটের জ্যেষ্ঠ রসায়নবিদ মুজাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, অবৈধ বোমা মেশিন চালুর ঘটনায় জড়িত ২৫ জনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করা হবে।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সরকার বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে।সন্ত্রাসী হামলার শিকার এটিএন নিউজের সিলেটের নিজস্ব প্রতিবেদক আবদুল আলীম শাহ বলেন, যুবলীগের কর্মী শামীম আহমদের লোকজন সংবাদকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তাঁর বিরুদ্ধে বোমা মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগ রয়েছে।হামলার অভিযোগ অস্বীকার করে শামীম আহমদ বলেন, ‘আমি পাথর ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকায় প্রতিপক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’