ভোলাবাসী গ্যাস পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ আন্দোলনের পর ভোলাবাসী আবাসিক গ্যাস-সংযোগ পাচ্ছেন। আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী ওয়াদা শেষ সময়ে পূরণ করতে যাচ্ছে। ২৮ আগস্ট ভোলা-২ আসনের (দৌলতখান-ভোলা) সাংসদ তোফায়েল আহমেদ আবাসিক গ্যাস-সংযোগের উদ্বোধন করবেন বলে আওয়ামী লীগের স্থানীয় সূত্রে জানা গেছে। ইতিমধ্যে সংযোগ নিতে ফরম কেনার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান বলেন, ‘আবাসিক সংযোগ দেওয়ার জন্য ২৫ আগস্ট থেকে আগ্রণী ব্যাংকের মাধ্যমে ফরম বিক্রি শুরু হবে। ১০০ টাকার বিনিময়ে ফরমের সঙ্গে সংযোগ নেওয়ার নিয়মাবলি থাকবে। ফরম খেয়াঘাট রোডের সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের কার্যালয়ে জমা দিতে হবে। আশা করা যায়, চলতি মাসের মধ্যেই আমরা সংযোগ দিতে পারব।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন বলেন, ভোলার ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া এবং গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করে দেশবাসীকে আলোকিত করার জন্য নির্বাচনী অঙ্গীকার করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সে কথা রেখেছেন। ২৮ আগস্ট জৈনপুরি পীর সাহেবের খানকায় গ্যাস-সংযোগ দিয়ে তোফায়েল আহমেদ এর উদ্বোধন করবেন।