ব্লক ফেলে মেঘনার ভাঙন প্রতিরোধ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও ঘরে ঘরে গ্যাস দেওয়ার দাবিতে গতকাল শনিবার ভোলায় গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। নাগরিক কমিটির আহ্বানে ভোলা বাংলা স্কুলের সামনে প্রথম দিনেই এক হাজার ২৯৮ জন স্বাক্ষর করেছেন।স্বাক্ষর অভিযান উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোলা এখন অভিভাবকশূন্য। মেঘনার ভাঙনের হাত থেকে ভোলা শহর রক্ষার জন্য গত তিন বছরে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিনিয়ত ভোলা ছোট হচ্ছে। যেকোনো মুহূর্তে ভোলা পানিতে তলিয়ে যাবে। অন্যদিকে, এক মাস দুই দিন ধরে বিদ্যুতের অভাবে ভোলাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। লো-ভোল্টেজে ভোলার সব কলকারখানা বন্ধ, ফ্রিজ-টিভি পুড়ে যাচ্ছে। সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট নষ্ট হয়ে পড়ে আছে। কিন্তু কেউ এটি চালুর পদক্ষেপ নিচ্ছে না। এদিকে ভোলায় ২০ কিলোমিটার গ্যাস পাইপলাইন টানা হলেও আজ পর্যন্ত গ্যাস সরবরাহের প্রক্রিয়া শুরু হয়নি। অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ আফসার উদ্দিন, শাজাহান, ভোলা স্বার্থ রক্ষা কমিটির সদস্য-সচিব অমিতাভ অপু, খায়রুল আলম, পিডিএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নাসিম প্রমুখ।নাগরিক কমিটির সদস্য মোবাশ্বির উল্যাহ চৌধুরী জানান, আগামী এক মাস শহরের বিভিন্ন এলাকায় গণস্বাক্ষর গ্রহণের অভিযান চলবে। পরে স্বাক্ষরসংবলিত দাবি প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হবে।