ভোলায় অপহূত ছয় জেলে উদ্ধার, আটক ২ অস্ত্র ও গুলি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোস্টগার্ড সদস্যরা গত রোববার দিবাগত রাতে ভোলার মনপুরা উপজেলার ঢালচর বনে অভিযান চালিয়ে অপহূত ছয় জেলেকে উদ্ধার ও নয়টি ট্রলার জব্দ এবং দুই জলদস্যুকে আটক করেছেন। এ সময় তাঁরা সেখান থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র, সাতটি গুলি ও সাতটি দেশীয় অস্ত্র জব্দ করেছেন।
গতকাল সোমবার কোস্টগার্ড মেঘনায় পৃথক অভিযান চালিয়ে ২৭ ব্যারেল চোরাই তেল ও দুটি ট্রলার জব্দ করেছে। তেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।
কোস্টগার্ড দক্ষিণাঞ্চলের কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান বলেন, গত রোববার দিবাগত রাতে লে. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা মনপুরা উপজেলার ঢালচর বনে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম (৩০) ও সুজন (৩৫) নামের দুই জলদস্যুকে আটক করেন।
এ সময় তাঁদের কাছ থেকে দুটি পিস্তল, দুটি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল, সাতটি গুলি, দুটি রামদা ও পাঁচটি ঢাল জব্দ করা হয়। পরে ওই দুই জলদস্যুর স্বীকারোক্তি অনুযায়ী অপহূত পাঁচ জেলেকে উদ্ধার করা হয়েছে। এঁরা হলেন দুলাল চন্দ্র দাস (২৪), রাসেল (১৫), দুর্লভ (১৯), কৃষ্ণ দাস (৫৫) ও টুটুল (১৫)। এর আগে ওই দিন সকালে কোস্টগার্ডের অপর একটি দল চর গজারিয়ায় অভিযান চালিয়ে অপহূত অপর এক জেলেকে উদ্ধার এবং নয়টি ট্রলার জব্দ করে।
কোস্টগার্ড সদস্যরা গতকাল দৌলতখান উপজেলার পূর্ব মেঘনায় অভিযান চালিয়ে ১৭ ব্যারেল সয়াবিন ও ১০ ব্যারেল অকটেন জব্দ করেছেন।
এ সময় এগুলো চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।
কোস্টগার্ড কর্মকর্তা মেহেদী হাসান জানান, চট্টগ্রাম থেকে ঢাকা ও নারায়ণগঞ্জে নেওয়ার পথে মেঘনার চোরাকারবারিরা রোববার দিবাগত রাতে জাহাজ থেকে তেল নামিয়ে অপর একটি ট্রলারে ওঠায়। সকালে কোস্টগার্ড সদস্যরা ওই ট্রলারে অভিযান চালিয়ে চোরাই তেল জব্দ করে। জব্দ করা তেল ও আটককৃত ১০ জনকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।