ভোলায় আঞ্চলিক ইজতেমা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলায় গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। ভোলা জেলা তাবলিগ জামাত এ আয়োজন করেছে।
আয়োজক কমিটির মুরব্বি তৈয়বুর রহমান প্রথম আলোকে বলেন, মাওলানা মো. আনাছের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার উদ্বোধন করা হয়। কাল শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
সরেজমিনে দেখা গেছে, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে দৌলতখান উপজেলার উত্তর উজয়নগর ইউনিয়নের কমরউদ্দিন এলাকায় ইজতেমা মাঠে বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসেছেন। কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভোলা সদর থেকে আসা মো. সিদ্দিকুল্যাহ প্রথম আলোকে বলেন, ইজতেমা মাঠের সুবিধা-অসুবিধা নিয়ে তিনি ভাবছেন না। তাঁদের এখানে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, আত্মশুদ্ধি লাভ করা। ইসলামি জ্ঞান অর্জন করা। পরে অর্জিত জ্ঞান দাওয়াতের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া।
আয়োজকদের ধারণা, প্রথম দিনেই অন্তত পাঁচ লাখ ধর্মপ্রাণ মুসল্লি এসেছেন। পুলিশ সুপার মোকতার হোসেন বলেন, দুই পালায় পুলিশের ৫৫০ জন সদস্য ইজতেমা মাঠে দায়িত্ব পালন করবেন।