ভোলায় কেন্দ্রসচিব পরিবর্তনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ভোলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কেন্দ্রসচিব পরিবর্তনের দাবি জানিয়েছেন।
তাঁরা নীতিমালা অনুযায়ী কেন্দ্রের আশপাশের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান বা এক কেন্দ্রের সচিবকে অন্য কেন্দ্রের সচিব করার সুপারিশ করেন। সারা দেশে কাল রোববার থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এবার ভোলায় ৯০টি কেন্দ্রে ৩৭ হাজার ২২৯ জন পরীক্ষা দেবে। পরীক্ষায় সাধারণ কোটায় প্রতি ইউনিয়নে ও পৌরসভার প্রতি ওয়ার্ডে চারটি (দুজন ছাত্র ও দুজন ছাত্রী) করে বৃত্তি পাবে। এ ছাড়া উপজেলার মোট পরীক্ষার্থীর ১ শতাংশ ট্যালেন্টপুল বৃত্তি পাবে। জেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আহ্বায়ক দিলীপ মণ্ডল, জেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বেশ কয়েকজন প্রধান শিক্ষকের অভিযোগ, কেন্দ্রসচিবেরা তাঁর নিজ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শতভাগ উত্তর নিশ্চিত করতে প্রভাব বিস্তার করছেন। এতে ওই বিদ্যালয়ের পরীক্ষার্থীরা বৃত্তি পাওয়ার ক্ষেত্রে সুবিধা পাচ্ছে। দিলীপ মণ্ডল ও ইকবাল হোসেন বলেন, এক কেন্দ্রের সচিবকে অন্য কেন্দ্রের সচিব করতে হবে বা কেন্দ্রের নিকটতম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানকে কেন্দ্রসচিব করতে হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, ২০০৯-২০১৪ সালে জেলার ৯০টি কেন্দ্রের ৮০ শতাংশ কেন্দ্র বিদ্যালয় (যে প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র) সাধারণ কোটার ও ট্যালেন্টপুলের ৯০ ভাগ বৃত্তি পেয়েছে। কোনো কোনো কেন্দ্রের পরীক্ষার্থীরা ইউনিয়নের জন্য বরাদ্দ শতভাগ বৃত্তি পেয়েছে। তবে ওই সময়ের মধ্যে কেন্দ্রসচিব হিসেবে দায়িত্ব পালন করা মো. ছিদ্দিক, মো. আলমগীর, মমতাজ বেগম, আবদুর রহমান, মিতালী দত্তসহ কয়েকজন প্রধান শিক্ষক কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী মেধার ভিত্তিতে বৃত্তি পেয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইয়্যাদুজ্জামান বলেন, কেন্দ্রসচিবদের প্রভাব বিস্তারের কোনো অভিযোগ তিনি পাননি। নীতিমালা অনুসারে কেন্দ্র বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কেন্দ্রসচিব করা হচ্ছে। কর্তব্যরত শিক্ষকের বাইরে কোনো ব্যক্তি কেন্দ্রে ও কেন্দ্রসচিব কোনো পরীক্ষা কক্ষে যেতে পারবেন না—এ নিয়মটি এবার কঠোরভাবে পালন করা হবে। জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, ‘এ ধরনের অভিযোগ আগেও শুনেছি। কেন্দ্রসচিব যাতে কোনো প্রভাব বিস্তার করতে না পারেন, সে ব্যবস্থা নেওয়া হবে।’