ভোলায় গতকাল থেকে বিদ্যুৎ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা জেলায় গতকাল শনিবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই। বন্ধ আছে জেলার অর্ধ সহস্রাধিক কলকারখানা। কবে বিদ্যুৎ আসবে, তা-ও বলতে পারছেন না কর্মকর্তারা। এর ফলে এলাকার ৯০ হাজার গ্রাহক চরম ভোগান্তিতে রয়েছেন।

ভোলা পৌরসভার গ্রাহক সাজেদা বেগম, আবদুল হাই, বরফকল মালিক নাসির উদ্দিন, স-মিলের মালিক আবদুল গনিসহ বেশির ভাগ গ্রাহক বলেন, গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ রোববার এখন পর্যন্ত বিদ্যুৎ না থাকায় মানুষের নাকাল অবস্থা। লাইনে পানি নেই, ফ্রিজ বন্ধ, মুঠোফোনে চার্জ নেই, অসহ্য গরমে মানুষের বেহাল দশা। জেলার বরফকল, স-মিল, রাইসমিলসহ হাজার হাজার কলকারখানা বন্ধ রয়েছে।

গ্রাহকেরা আরও বলেন, এবার ঘন ঘন বিদ্যুৎ যাওয়ার কারণে পুরো রোজার মাস ভোগান্তি পোহাতে হয়েছে। ইফতারি ও সেহরি খাওয়ার সময় বেশির ভাগ দিন বিদ্যুৎ ছিল না।

ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) উপসহকারী প্রকৌশলী দুলাল চন্দ্র ঘোষ প্রথম আলো ডটকমকে  বলেন, এক মাস ধরে ভোলা-বরিশাল ও ১৫ দিন ধরে ভোলা-পটুয়াখালী ৩৩ কেভি লাইনের কেবলে ত্রুটি ছিল। এ কারণে এমন অবস্থা হয়েছে। লাইন দুটি সারাতে এখনো তিন-চার দিন লাগবে বলে তিনি জানান।

ওজোপাডিকোর উপসহকারী প্রকৌশলী আরও বলেন, গতকাল  শনিবার সন্ধ্যায় রেন্টাল বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র বিকল হয়ে যায়। সেটি কবে নাগাদ সচল হবে বলা যাচ্ছে না।

ভেঞ্চার এনার্জি রিসোর্স লিমিটেড, ভোলার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, গতকাল শনিবার সন্ধ্যার দিকে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের জেনারেটর সেকশনে ত্রুটি দেখা দেওয়ায় কেন্দ্রটি বিকল হয়। দক্ষ প্রকৌশলী না এলে বলা যাচ্ছে না কবে নাগাদ কেন্দ্রটি সচল হবে।

ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. আলী বলেন, ‘ভোলার ৯০ হাজার গ্রাহকের জন্য জাতীয় গ্রিড (১৩২কেভি) লাইন করা জরুরি। অন্যথায় এ রকম সমস্যায় বারবার পড়তে হবে।’