ভোলায় জোয়ার ও ভাঙনে দিশেহারা পাঁচ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনার ভাঙন থেকে ভোলাকে রক্ষার দাবিতে গতকাল মানববন্ধন করেছে ‘ভোলা বাঁচাও সংগ্রাম কমিটি’। বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের জংশন বাজারে তারা ওই কর্মসূচি পালন করে l প্রথম আলো
মেঘনার ভাঙন থেকে ভোলাকে রক্ষার দাবিতে গতকাল মানববন্ধন করেছে ‘ভোলা বাঁচাও সংগ্রাম কমিটি’। বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের জংশন বাজারে তারা ওই কর্মসূচি পালন করে l প্রথম আলো

জোয়ারের পানি ও ভাঙনে ভোলার সদর উপজেলার রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়নের পাঁচ হাজার মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এদিকে মেঘনার ভাঙন থেকে ভোলাকে রক্ষা, ব্লক ও জিওটিউব ফেলে তীর সংরক্ষণের দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন করেছে ‘ভোলা বাঁচাও সংগ্রাম কমিটি’।
দক্ষিণ রাজাপুরে গত ২৩ জুলাই শুরু হওয়া মেঘনা নদীর ভাঙন গতকাল শুক্রবার পর্যন্ত অব্যাহত ছিল। গত ১৮ দিনে (১-১৮ সেপ্টেম্বর) প্রায় ৪০০ ঘরবাড়ি মেঘনায় বিলীন হয়েছে। সব মিলিয়ে এ মৌসুমে ৫৭ দিনে সহস্রাধিক বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হয়েছে।
গত মঙ্গলবার সরেজমিনে এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর, মুরাদসফুল্লা, রাজাপুর ইউনিয়নের চডারমাথা, দক্ষিণ রাজাপুর, জনতা বাজার এলাকার অন্তত চার হাজার মানুষ জোয়ারের সময় পানিবন্দী হয়ে পড়ে। পানিতে দক্ষিণ রাজাপুরের ঢালিরখাল থেকে শুরু করে চডারমাথা হয়ে পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর মুরাদসফুল্লাহ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় ভাঙন তীব্র হয়েছে। জোয়ারের পানি ও নতুন-পুরোনো বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকছে। কিন্তু ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো কাজ করছে না। ভুক্তভোগী পরিবারগুলো মালামাল সরিয়ে বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়ক, চডারমাথা-আলিমাবাদ সড়কসহ বিভিন্ন সড়কের ওপর রাখছে। ভাঙনকবলিত প্রায় এক হাজার মানুষ রাত কাটাচ্ছে খোলা আকাশের নিচে, অন্যের ঘরে, বারান্দায়, মসজিদে, বিদ্যালয়ে। এলাকায় পানিবাহিত রোগও বেড়ে গেছে।
এনজিওকর্মী আমির হোসেন ও মৎস্য ব্যবসায়ী কালাম মাঝি বলেন, পাউবো ও ঠিকাদারেরা সরকারের কোটি কোটি টাকা ব্যয় করেও ফাঁকিবাজির কারণে ভাঙন প্রতিরোধ করতে পারেনি।
রাজাপুর, পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ ও পাউবোর সূত্রে জানা গেছে, গত ৫৭ দিনে মেঘনায় ওই দুটি ইউনিয়নের ছয় বর্গকিলোমিটার এলাকা বিলীন হয়েছে। এর মধ্যে আছে বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের দুই কিলোমিটার অংশ, চডারমাথা-আলিমাবাদ সড়কের এক কিলোমিটার, দুই কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ, পুরাতন ইলিশা ফেরিঘাট, নতুন বিশ্বরোডের মাথা ফেরিঘাট, চডারমাথা বাজার, ইলিশা ফেরিঘাট বাজার, বিশ্বরোডের মাথা বাজার ও চডারমাথা, দুটি মসজিদ, ইসলামী ফাউন্ডেশন হাসপাতাল, সহস্রাধিক বাড়িঘরসহ কয়েক শ একর ফসলি জমি।
চডারমাথা-আলিমাবাদ সড়কের ওপর মিজি বাড়ির সামনে হনুফা বিবি (৭০) কান্নাজড়িত কণ্ঠে বলেন, এ ভাঙনে তাঁর ঘরবাড়ি, ফসলি জমি সব নদীতে গেছে। তিনি এখন দিশেহারা। বিশ্বরোডের মাথা মাছঘাটের মৎস্য ব্যবসায়ী মহিউদ্দিন মিয়া বলেন, ভাঙনে ঘরবাড়ি হারিয়ে কয়েক হাজার মানুষের ঈদের আনন্দ মাটি হয়ে গেছে। ওমর ফারুক নামের এক কলেজছাত্র বলে, সে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। তাদের রাত কাটছে আজ এই বাড়ি, কাল ওই বাড়িতে।
এদিকে মেঘনার ভাঙন থেকে ভোলাকে রক্ষা, ব্লক ও জিওটিউব ফেলে তীর সংরক্ষণের দাবিতে গতকাল সকাল ১০টায় বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের জংশন বাজারে আধঘণ্টা মানববন্ধন করেছে ‘ভোলা বাঁচাও সংগ্রাম কমিটি’। এটি ছিল সংগ্রাম কমিটির ১০ দিনের আন্দোলন-কর্মসূচির প্রথম দিন। আন্দোলনের আহ্বায়ক সাঈদ আলী বলেন, ‘আমরা অবিলম্বে সেনাবাহিনীর উপস্থিতিতে সিসি ব্লক ও জিওটিউব ফেলে মেঘনার তীর সংরক্ষণ চাই।’
এ ব্যাপারে ভোলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান বলেন, ইতিমধ্যে ভাঙনকবলিত ও পানিবন্দীদের মধ্যে ২০ মেট্রিক টন চাল, ৩৮ লাখ টাকা, পর্যাপ্ত শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ভাঙনকবলিত মানুষকে পুনর্বাসনের চেষ্টা চলছে।
পাউবো ভোলার উপসহকারী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, উত্তরের ঢলের পানি নামছে, তার সঙ্গে তিন দিক থেকে আসা জোয়ারে রাজাপুরে ভাঙনের তীব্রতা দেখা দিয়েছে। ভাঙনের তীব্রতায় ভাঙন প্রতিরোধের কাজ বন্ধ আছে।