ভোলায় দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার শান্তিরহাট এলাকায় গত বুধবার বিকেলে সড়ক নির্মাণশ্রমিক ও গ্রামবাসীর মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ২২ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলা সদর থানার ওসি বেলায়েত হোসেন জানান, এ ঘটনায় গ্রামবাসীর পক্ষে সিরাজুল ইসলাম বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার থানায় মামলা করেছেন। মামলায় জ্ঞাত ২৮ জন ও অজ্ঞাত আরও অর্ধশতাধিক শ্রমিককে আসামি করা হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের খেয়াঘাট-শান্তিরহাট সড়কে সংস্কারকাজ চলছিল। বুধবার বিকেল চারটার দিকে একটি অটোরিকশার চালক যাত্রী নিয়ে ওই রাস্তা দিয়ে যেতে চাইলে শ্রমিকেরা বাধা দেন। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে অটোরিকশাচালক ও যাত্রীদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে অটোরিকশাচালক একপর্যায়ে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে শ্রমিকদের ওপর হামলা করেন। সংঘর্ষের সময় শ্রমিকেরা তাঁদের লক্ষ্য করে গরম বিটুমিন নিক্ষেপ করেন।