বন্যানিয়ন্ত্রণ বাঁধ না থাকায় দুই মাস ধরে পানিতে ভাসছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছয় ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ। পবিত্র রমজানে এসব মানুষের কষ্ট যেন আরও বেড়ে গেছে। অর্ধাহার-অনাহারের মধ্যেই তাদের রোজা পালন করতে হচ্ছে। কষ্ট সইতে না পেরে অনেকেই পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) দুষিয়ে এলাকা ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন পানিবন্দী মানুষের মানবেতর জীবনযাপনের কথা স্বীকার করে বলেন, গত বছরের অক্টোবরে বড় মানিকা ইউনিয়নের দক্ষিণ বাটামারা গ্রামের বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে মেঘনা লোকালয়ে চলে আসে। বাঁধটি ওই বছরই দেওয়া হয়। চলতি বছর পাউবো বন্যানিয়ন্ত্রণে আর নতুন বাঁধ দেয়নি।
বারবার বাঁধের ভাঙন আর পানিবন্দীর শিকার অতিষ্ঠ এলাকাবাসীর দাবি, ব্লক ফেলে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। সম্প্রতি ঘূর্ণিঝড় মহাসেনের কারণে জলোচ্ছ্বাসে আরও কয়েকটি বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা হুমকিতে পড়েছে। গত ২০ মে পূর্ণিমার প্রভাবে অরক্ষিত এলাকা দিয়ে জোয়ারের পানি ঢুকে বড় মানিকা, পক্ষিয়া, কুতুবারসহ ছয় ইউনিয়নের অনেক এলাকা প্লাবিত হয়েছে। এই পানি দিন দিন বাড়ছেই।
রোববার সরেজমিনে দেখা যায়, পক্ষিয়া ইউনিয়নের বাটামারা গ্রামের মোতাসিম বিল্লার বাড়ি থেকে দৌলতখান উপজেলার আকথার বাজার পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার মেঘনার তীরে কোনো বন্যানিয়ন্ত্রণ বাঁধ নেই। ভোলা-চরফ্যাশন সড়কের পার্শ্ববর্তী এলাকা পর্যন্ত প্লাবিত হচ্ছে জোয়ারে। পানিতে বড় মানিকা, পক্ষিয়া, কুতুবার ইউনিয়নের কোনো কোনো অংশের উঁচু সড়কও ডুবে আছে। ডুবে আছে খাবার পানির নলকূপ, অসংখ্য মাছের পুকুর, আউশ খেত ও আমন বীজতলা। পানিতে মাচায় বসে আধা কাঁচা-ভেজা জ্বালানি দিয়ে রান্না করতে নাভিশ্বাস উঠছে রোজাদারদের। পানি বেড়ে গেলে কোলের শিশুদের নিয়ে বাবা-মায়েরা ছোটেন স্কুলের আশ্রয়কেন্দ্র, সড়ক ও সেতুর ওপর। পানিবন্দী অনেকে জানালেন, তাঁদের গত দুটি মাস এভাবেই চলছে। প্রায় একই অবস্থা সদর উপজেলার কাচিয়া, পূর্ব ইলিশা, রাজাপুর, বাপ্তা ও ধনিয়া ইউনিয়নের। এ উপজেলায় প্রায় আট কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ অরক্ষিত।
দুর্গত লোকজনের ভাষ্য, এভাবে পানিবন্দী হয়ে থাকার কারণে তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন। সরকারও ত্রাণ দিচ্ছে না। যা দিচ্ছে, তা ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা লুটপাট করছেন। ফলে অর্ধাহারে-অনাহারে কাটাতে হচ্ছে তাঁদের। খাবারের অভাবে রোজা ঠিকমতো রাখতে পারছেন না। নোংরা-পচা পানিতে অজু-গোসল সারতে হচ্ছে।
বোরহানউদ্দিনের বাটামারা গ্রামের মো. ইসমাঈল (৩৭) লরিতে আসবাব, ভাঙাঘরের বেড়া-খুঁটি তুলছিলেন। কোথায় যাচ্ছেন—জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘চরফ্যাশন উপজেলার চর মন্তাজ যামু। হেনে আমগো এলাকার আরও মানুষ গেছে। দেহি কোনো কূলকিনারা অয়নি।’
ভোলা পাউবো-১-এর নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান বলেন, ‘বারবার জমি হারিয়ে এলাকাবাসী বিনা টাকায় আর জমি দিতে চায় না। তাই আমরা সময়মতো বাঁধ নির্মাণ করতে পারিনি।’
জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘পানিবন্দী মানুষের সমস্যা লাঘবে তিন মাসের জি আর (সাধারণ রিলিফ) পেয়েছি। অন্যদিকে, বাঁধ নির্মাণকাজ দ্রুত শেষ করতে পাউবোকে চাপ দিচ্ছি।’